দিনাজপুর মেডিকেলে চার বিষয়ে স্নাতকোত্তর চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মেডিকেল কলেজে চারটি বিষয়ে স্নাতকোত্তর (পোস্ট গ্র্যাজুয়েট) কোর্স চালু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এসব কোর্সের উদ্বোধন করেন।
চালু হওয়া বিষয় চারটি হলো অ্যানেসথেসিওলজি, অর্থো-সার্জারি, গাইনি ও কার্ডিওলজি।
কলেজ সূত্রে জানা গেছে, ওই চারটি কোর্সের উদ্বোধন উপলক্ষে গতকাল সকাল নয়টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজের ৫ নম্বর গ্যালারিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. কামরুল আহসান। পরে প্রধান অতিথি প্রাণ গোপাল দত্ত এর উদ্বোধন করেন।
কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে প্রাণ গোপাল দত্ত বলেন, ‘হাসপাতাল হলো মন্দির, রোগী হলো দেবতা আর চিকিৎসক হলেন মন্দিরের পূজারি। যে চিকিৎসক যত ভক্তি-শ্রদ্ধা, ভালোবাসা আর পরম মমতা দিয়ে রোগীর সেবা করতে পারবেন, তিনি তত সার্থক বা বড় চিকিৎসক হতে পারবেন।’
প্রাণ গোপাল দত্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথি জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ইকবালুর রহিম দিনাজপুরের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে, দিনাজপুর মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে স্বাস্থ্যসেবার মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে যেভাবে কাজ করছেন, তাঁর মতো জনপ্রতিনিধি প্রতিটি জেলায় থাকলে এসব জেলার সরকারি-বেসরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের চেহারা পাল্টে যেত।’
ইকবালুর রহিম জানান, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নীতি-নৈতিকতায় সমৃদ্ধ আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে তিনি নবীন চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মো. জুলফিকার রহমান খান, মো. শরফুদ্দিন আহমেদ, মো. সালাহউদ্দিন শাহ্ ছাড়াও দিনাজপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান স্নাতকোত্তর কোর্সের পরিচালক মো. মওদুদ হোসেন আলমগীর, কলেজের উপাধ্যক্ষ কান্তা রায় রিমি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) দিনাজপুরের সাধারণ সম্পাদক গোপীনাথ বসাক বক্তব্য দেন।
অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, হাসপাতালের পরিচালক ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।