দিনাজপুর মেডিকেলে হামলা সেবিকাদের মারধর, ভাঙচুর
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত শনিবার দুপুরে অস্ত্রোপচারকক্ষে ভাঙচুর, কর্তব্যরত সেবিকাদের মারধর এবং চিকিৎসকদের লাঞ্ছিত করেছে এক রোগীর স্বজনেরা। রোগীর ড্রেসিং করতে দেরি করায় তাঁর স্বজনেরা এ ঘটনা ঘটায় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। হামলার ঘটনায় রোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন দিনাজপুরের বিরল উপজেলার পাইকপাড়া গ্রামের রোগী আবদুল মালেক (৩৫), তাঁর বাবা হাবিবুর রহমান, স্ত্রী লিপি, স্ত্রীর ভাই রফিকুল ও খোরশেদ আলী।দিনাজপুরের সিভিল সার্জন আবদুল করিম জানান, সড়ক দুর্ঘটনায় হাতে এবং পায়ে আঘাত পেয়ে আবদুল মালেক তাঁর স্বজনদের নিয়ে বেলা দুইটার দিকে হাসপাতালে আসেন। চিকিৎসকেরা তাঁর ক্ষত স্থানে ড্রেসিং করার জন্য অস্ত্রোপচারকক্ষে নিয়ে যান। ওই সময় সেখানে অন্য রোগীর অস্ত্রোপচার চলায় আবদুল মালেককে একটু বসতে বলা হয়। এ সময় রোগী ও তাঁর স্বজনেরা নিজেদের বিরামপুরের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরীর লোক পরিচয় দিয়ে তাত্ক্ষণিক ড্রেসিং করতে বলেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রোগীর স্ত্রী ও স্ত্রীর দুই ভাই সেবিকা আনেছা বেগম এবং মৌসুমী কর্মকারকে মারধর করে মাথা ফাটিয়ে দেন। তাঁদের রক্ষা করতে এসে লাঞ্ছিত হন সিভিল সার্জন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামসুর রহমানসহ উপস্থিত সেবিকা, কর্মচারী ও চিকিৎসকেরা। এ সময় রোগীর স্বজনেরা অস্ত্রোপচারকক্ষের কাচের তিনটি বড় দরজা, টেবিল-চেয়ার ভাঙচুর করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান শামীম জানান, ওই সময় একটি অপমৃত্যু মামলার তথ্য সংগ্রহের কাজে উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম হাসপাতালে ছিলেন। তিনি অনেক চেষ্টা করেও হামলাকারীদের ঠেকাতে ব্যর্থ হন। পরে আরও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে রোগী ও তাঁর চার স্বজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামসুর রহমান মামলা করেছেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সেবক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারীরা শনিবার কালো ব্যাজ ধারণ করেন। কোতোয়ালি থানা হাজতে থাকা রোগী আবদুল মালেক বলেন, ‘আমি গুরুতর আহত ছিলাম। প্রচণ্ড ব্যথায় চিত্কার করছিলাম। এর পরও চিকিৎসকেরা কোনো গুরুত্ব দিচ্ছিলেন না। এতে আমার স্বজনেরা ক্ষিপ্ত হয়ে ওই ঘটনা ঘটায়। তবে আমাদের এটা করা ঠিক হয়নি।’