দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পুরাতন ভুসিরবন্দর এলাকায় বেলান নদীর ওপর নির্মিত একটি সেতুতে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় গতকাল রোববার সকাল থেকে দিনাজপুর-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ প্রথম আলোকে জানান, গতকাল সকাল থেকে ক্ষতিগ্রস্ত সেতুটি সংস্কারের জন্য বালুর বস্তা ফেলা এবং এর পাশে একটি বেইলি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কারণে ২৯ মে পর্যন্ত এ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ৫৪ মিটার দীর্ঘ সেতুটি ১৯৬২ সালে নির্মাণ করা হয়। এলাকাবাসীর কাছ থেকে সেতুতে ফাটল ধরার খবর পেয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ১৯ মে সকালে পরিদর্শন করে তিনটি গার্ডারের দুটিতে বড় ধরনের ও অপরটিতে ছোট আকারের ফাটল দেখতে পান। তিনি বিষয়টি দিনাজপুর সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জানান।দিনাজপুর সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফকির আবদুর রব জানান, তিনি বিষয়টি সওজ রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ঢাকায় সড়ক ভবনে সেতু ডিজাইন সার্কেল বিভাগকে জানান। এরপর গত শুক্রবার সেতু ডিজাইন বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে সেতুর গার্ডারগুলোর চার পাশে বালুর বস্তা ফেলার নির্দেশ দেন। এরপর শনিবার সওজ রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সেতুর পাশে একটি বেইলি সেতু নির্মাণের নির্দেশ দেন।দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য জানান, ক্ষতিগ্রস্ত সেতুর মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত দিনাজপুর-রংপুর সড়কের যানবাহনগুলো চিরিরবন্দর-পার্বতীপুর সড়ক দিয়ে চলাচল করবে। আর ঢাকার পথের যানবাহন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক এবং ঠাকুরগাঁও ও পঞ্চগড় চলাচলকারী যানবাহনগুলোকে সৈয়দপুর-নীলফামারী-রানীরবন্দর-খানসামা সড়ক দিয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।