দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে কুমারী পূজা
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে গতকাল রোববার দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে আরতি, অঞ্জলি দান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। ভূমিকা চক্রবর্তী নামের এক শিশু এ বছরের ‘কুমারী দেবী’ হিসেবে নির্বাচিত হয়।
গতকাল বেলা সাড়ে ১১টায় দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে কুমারী পূজা শুরু হয়। এর আগে কুমারী কন্যাকে স্নান করিয়ে নতুন পোশাক, ফুলের মালা ও অলংকারে দেবীরূপে সাজানো হয়। এবারের কুমারী দেবী ভূমিকা দিনাজপুর শহরের বড়বন্দর এলাকার মিলন চক্রবর্তী ও মালা চক্রবর্তীর মেয়ে।
ঠিক বেলা ১১টায় ‘দুর্গা মা-ই কী, জয়’ ধ্বনিতে রামকৃষ্ণ আশ্রম ও মিশনের পূজারি সঞ্জয় চক্রবর্তী পূজা শুরু করেন। তাঁর সঙ্গে ‘তন্ত্রধারক’ ছিলেন স্বামী নামামৃতানন্দ মহারাজ। এ সময় ভক্তরা ‘কুমারী দেবী’র চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রাণিকুলের কল্যাণ ও মঙ্গল কামনা করেন। শুরুতেই গঙ্গাজল ছিটিয়ে ‘কুমারী দেবী’কে পরিপূর্ণ শুদ্ধ করে তোলা হয়। এরপর তার পা ধুয়ে নিবেদন করা হয় অর্ঘ্য। কুমারী পূজার ১৬টি উপকরণ দিয়ে শুরু হয় পূজার আচার। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস্ত এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী মায়ের’ পূজা।
দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। পূজা শেষে প্রধান পূজারি আরতি দেন ও তাকে প্রণাম করেন। প্রসাদ বিতরণের মধ্য দিয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয় কুমারী পূজা।