দিনাজপুর শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে এক লাখ ২১ হাজার ৫৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ হাজার ৬০১ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৬২ দশমিক ১৮ শতাংশ। এই ফলাফলকে বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন এই শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পিয়ারউদ্দিন আহমেদ।গতকাল বৃহস্পতিবার সারা দেশে একযোগে জেএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এই বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭৬৩। এর মধ্যে ছাত্র ৪৮২ জন ও ছাত্রী ২৮১ জন। দিনাজপুর বোর্ডে প্রথম, দ্বিতীয় স্থানসহ সেরা দশে স্থান করে নিয়েছে রংপুরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান।ফলাফলের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পিয়ারউদ্দিন আহমেদ বলেন, ‘অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় এই বোর্ডের ফলকে বিপর্যয় বলা চলে। সৃজনশীল প্রশ্নপদ্ধতি শিক্ষার্থীদের জন্য নতুন হওয়ার কারণেই সম্ভবত এমনটি ঘটেছে।’ শিক্ষার্থীরা অভ্যস্ত হয়ে উঠলে ফল ভালো হবে বলে তাঁর প্রত্যাশা।পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এই বোর্ডের তিন হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাসের হারে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে। বোর্ডের ৫৯ হাজার ৯৭৩ জন ছাত্রের মধ্যে ৩৮ হাজার ৯৮০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৫ শতাংশ। অন্যদিকে ৬১ হাজার ৬০৯ জন ছাত্রীর মধ্যে ৩৬ হাজার ৬২১ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৫৯ দশমিক ৪৪।এই বোর্ডের অধীন সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ, দ্বিতীয় স্থানে দ্য মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ক্যান্ট. এবং তৃতীয় স্থানে দিনাজপুরের আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল।বোর্ডে সেরা দশে স্থান পাওয়া দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, তাঁর বিদ্যালয় থেকে মাত্র ৩৬ জন জিপিএ-৫ পেয়েছে, যেখানে এসএসসি পরীক্ষায় ১৬০ জনের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পায়। রফিকুল ইসলাম জানান, তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষি শিক্ষায় খারাপ করেছে। আবার দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা খারাপ করেছে সামাজিক বিজ্ঞান বিষয়ে। প্রশ্ন কঠিন হলে সবাই যেকোনো এক বিষয় বা দুটি বিষয়েই খারাপ করত। সম্ভবত খাতা পরীক্ষণের ক্ষেত্রেও মানের ঘাটতি ছিল। এ কারণেও ফল খারাপ হয়ে থাকতে পারে।দিনাজপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুল ইসলাম বলেন, তাঁর বিদ্যালয় থেকে ১৭৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে মাত্র একজন জিপিএ-৫ পেয়েছে। বেসরকারি অন্য বিদ্যালয়গুলোর মধ্যে আরেকটি বিদ্যালয় থেকে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অথচ এসএসসি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়গুলোর ফল অনেক ভালো হয়।ফল খারাপের কারণ বলতে গিয়ে হাবিবুল ইসলাম বলেন, ‘আসলে সৃজনশীল পদ্ধতিতে পাঠদানের যোগ্য শিক্ষকেরই অভাব রয়েছে। তাই ফলাফলে এ ধরনের বিপর্যয়।’