দিনাজপুর শিক্ষা বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৪ দশমিক ৩৫। এই ফল ২০১০ সালের চেয়ে ২১ দশমিক ৫৪ ভাগ বেশি। এবারের ফলাফলে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। গতকাল বিকেলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল মজিদ তাঁর কার্যালয়ে ফলাফলের কপি সাংবাদিকদের হাতে তুলে দেন।দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলাউদ্দিন মিয়া এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পরীক্ষার আগে বোর্ডের উদ্যোগে প্রতিটি জেলার ২০টি ভালো এবং সমসংখ্যক দুর্বল স্কুলের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। যেখানে সাফল্য অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের অভিজ্ঞতা তুলে ধরেছে। এ সময় লেখাপড়ার মান উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। যা জেএসসি পরীক্ষায় সাফল্য এনে দিয়েছে।প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০১১ সালের জেএসসি পরীক্ষায় মোট এক লাখ ৬৫ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮০ হাজার ২৬২ জন ছাত্র এবং ৮৫ হাজার ৬৩৬ জন ছাত্রী। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৯৪৩ জন। ছাত্রদের শতকরা ৮৪ দশমিক ৯৬ জন ও ছাত্রীদের শতকরা ৮৩ দশমিক ৭৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৬৪৫ জন। এর মধ্যে এক হাজার ৫৮৪ জন মেয়ে এবং দুই হাজার ৬১ জন ছেলে। দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলের দিক দিয়ে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রথম, রংপুর ক্যাডেট কলেজ দ্বিতীয়, দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থানে রয়েছে। দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহীন আকতার বলেন, জিলা স্কুলগুলোর ছাত্রসংখ্যা বেশি। ক্যাডেট কলেজ, ক্যান্ট. পাবলিক স্কুলগুলোর মতো এখানে সুযোগসুবিধা নেই। তবে অধিকসংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এবং সর্বাধিকসংখ্যক জিপিএ-৫ পেলেও বোর্ডের শ্রেষ্ঠতম স্কুলের তালিকায় স্থান পাওয়া তাঁদের পক্ষে সম্ভব হয় না। এ অবস্থায় বোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান বিবেচনার মানদণ্ড শতভাগ পাস এবং এর মধ্যে কতজন জিপিএ পেল এই বিচার প্রক্রিয়া পরিবর্তন করা উচিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন।