দিনাজপুর শিক্ষা বোর্ডের ঈর্ষনীয় সাফল্য
চলতি বছর এসএসসি পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য দেখিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা। পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। মেয়েদের তুলনায় ছেলেরা তুলনামূলক ভালো ফল করেছে। এবার পাসের হার যেমন বেড়েছে, তেমন বেড়েছে শতভাগ পরীক্ষার্থী পাস করা স্কুলের সংখ্যাও।শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণ, প্রতিটি জেলা ও উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ে মতবিনিময় সভা-কর্মশালার আয়োজন এই ভালো ফলাফলে ভূমিকা রেখেছে। ভালো ফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাফল্যের কারণ ও অভিজ্ঞতা পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় তুলে ধরার ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহিত হয়েছে।গতকাল সোমবার বেলা দুইটায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে কর্তৃপক্ষ ফল ঘোষণা করে। এ বছর বোর্ডের অধীন আটটি জেলার দুই হাজার ৩৯৭টি স্কুলের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২৫ হাজার ২৭২ জন। পাস করেছে এক লাখ সাত হাজার ৯০৯ জন। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৪৩১ জন। এদের মধ্যে চার হাজার ৫৩৯ জন ছেলে ও দুই হাজার ৮৯২ জন মেয়ে। বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক খ ম রফিকুল ইসলাম পরীক্ষার ফলকে ‘দারুণ সাফল্য’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, হাঁটি হাঁটি পা পা করে ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এই বোর্ড অত্যন্ত সাফল্যের সঙ্গে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছে। ক্রমান্বয়েই ফলাফল ভালো হচ্ছে। ২০০৯ সালে পাসের হার ছিল ৬৩.৫৮ ভাগ, ২০১০ সালে ৭১.৭০ ভাগ, ২০১১ সালে ৭৭.৪৮ ভাগ ও এবার পাস করেছে ৮৭.১৬ ভাগ। অপর উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম বলেন, সৃজনশীল প্রশ্নপত্রে শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সমাজবিজ্ঞানে ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের সাধারণ বিজ্ঞানে দুর্বলতা লক্ষ করা গেছে। ভবিষ্যতে এই দুর্বলতা কাটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, এবার সবচেয়ে সাফল্য হলো ২৩১টি স্কুলের শতভাগ শিক্ষার্থীর পাস করা। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৩৪টি, ২০১০ সালে ৪৬টি ও ২০১১ সালে ৪৮টি। বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ২৯৯ জন পরীক্ষার্থীর ২৭২ জনই জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় স্থান পেয়েছে টানা তিনবার শ্রেষ্ঠ স্থান দখলকারী রংপুর ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। চতুর্থবারের মতো তৃতীয় ও দিনাজপুর জেলার শ্রেষ্ঠ স্কুলের তালিকায় সাফল্য ধরে রেখেছে আমেনা বাকী রেসিডেনশিয়াল মডেল স্কুল। স্কুলটির ৬৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। চতুর্থ স্থানে রয়েছে রংপুর জিলা স্কুল, পঞ্চম স্থানে ঠাকুরগাঁও সরকারি বয়েজ হাইস্কুল।