দিনাজপুর সদর পৌরসভার মেয়র বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগে দিনাজপুর সদর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধিমালা ভঙ্গ করে একক ক্ষমতাবলে বিভিন্ন ব্যক্তির করের টাকা কমিয়ে জাহাঙ্গীর আলম পৌরসভার আর্থিক ক্ষতি করেছেন। এ ছাড়া চাহিদা না থাকা সত্ত্বেও একক ক্ষমতাবলে তিনি কর্মচারী নিয়োগ দিয়েছেন।
স্থানীয় সরকার বিভাগে তাঁর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগের একটি সূত্র।
জাহাঙ্গীর আলম দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক। তিনি প্রথম আলোকে বলেন, বরখাস্ত হওয়ার কথা তিনি শুনেছেন। তবে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা পাননি।