দিনাজপুরে গতকাল মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এ সমস্যা হয়। এর রেশ পড়ে রংপুর বিভাগের আট জেলাতেই।
দিনাজপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন বলেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হয়ে আসছে। সম্প্রতি এ কেন্দ্রে তৃতীয় একটি ইউনিটের নির্মাণকাজ শুরু হয়েছে। এই ইউনিটের জন্য বড় একটি ট্রান্সফরমার স্থাপন করতে গিয়ে একটি ক্রেন জাতীয় গ্রিডের নিচে পড়ে যায়।ফলে দিনাজপুরসহ রংপুর বিভাগের আট জেলাতেই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। তবে সমস্যা সমাধানের পর গতকাল সন্ধ্যা সাতটা থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম বলেন, মূলত গত রোববার ওই সমস্যা হয়। সমস্যা সমাধানে গতকাল ভোর থেকে জাতীয় গ্রিড বন্ধ রাখা হয়। তবে বিকল্প ব্যবস্থায় বিকেল সাড়ে পাঁচটা থেকে বিভাগে অতি গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।