দিনাজপুর ২ ব্যাটালিয়নের ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
বিডিআর বিদ্রোহের ঘটনায় দিনাজপুর ২ রাইফেল ব্যাটালিয়নের ৫৭ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩তে গতকাল সোমবার এ অভিযোগ গঠন করা হয়।আদালতের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায়। এর আগে আসামিদের কড়া নিরাপত্তা প্রহরায় দিনাজপুর জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কার্যক্রম শুরুর পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন বিজিবির ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কোরাইশী আহমেদ। পরে আদালতের সভাপতি দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ আহমাদ্ আসামিদের কাছে জিজ্ঞাসা করেন তাঁরা দোষী না নির্দোষ। এ সময় আসামিদের মধ্যে সিপাহি চালক মো. তৌহিদ হোসেন, সিপাহি মো. আবু হেলাল, মো. নুরুজ্জামান ও মো. ইউসুফ আলী দোষ স্বীকার করেন। বাকি ৫৩ জন নিজেদের নির্দোষ বলে দাবি করেন। এরপর আদালতের সভাপতি অভিযোগ গঠনের নির্দেশ দেন।