দিনাজপুরগামী দ্রুতযান ট্রেন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-দিনাজপুর রুটে নাটোরের আবদুলপুর জংশনের কাছে যাত্রীবাহী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (ডিএন-২) আসাদুল হকের নেতৃত্বে রেলের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল মহসীনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ কমিটির সভাপতি আসাদুর রহমানের ভাষ্য, সিগন্যাল না মেনে মিটারগেজ লাইনের ট্রেন ব্রডগেজ লাইনের পয়েন্ট ভেঙে ঢুকে পড়ায় ইঞ্জিনসহ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে আবদুলপুর জংশনে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, অল্পের জন্য দ্রুতযান ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। কারণ কিছুক্ষণ আগে ওই লাইন দিয়ে যাত্রীবাহী সিল্ক সিটি ট্রেন পার হয়। দুই ট্রেনের সংঘর্ষে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

ট্রেনের যাত্রী দেলাওয়ার হোসেন জানান, ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হওয়ার সময় যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন। এতে বেশ কিছু যাত্রী আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গত শুক্রবার সকালে রেলওয়ে পাকশী বিভাগের ঈশ্বরদী-জয়দেবপুর-ঢাকা রুটের চাটমোহর স্টেশনের কাছে যাত্রীবাহী দ্রুতযান ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার নয় ঘণ্টা ধরে রেলযোগাযোগ বন্ধ থাকে। ওই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।