দিনাজপুরবাসীর অভিভাবক ছিলেন মির্জা আনোয়ারুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও দিনাজপুর নাট্য সমিতির সভাপতি মির্জা আনোয়ারুল ইসলামের স্মরণে নাগরিক শোকসভা গতকাল শনিবার সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সেক্টর কমান্ডারস ফোরাম দিনাজপুর জেলা কমিটির সভাপতি ও মির্জা আনোয়ারুল ইসলামের ঘনিষ্ঠ সহচর আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভার শুরুতে মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দিনাজপুর উদীচীর বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী কল্যাণী বসু এবং শিক্ষক মীন আরা পারভীন দ্বৈত কণ্ঠে কবিগুরুর ‘জীবনমরণের সীমানা ছাড়ায়ে,/ বন্ধু হে আমার, রয়েছো দাঁড়ায়ে’ সংগীত পরিবেশন করেন।
মির্জা আনোয়ারুল ইসলামের জীবন ও কর্মের ওপর লিখিত প্রবন্ধ পাঠ করেন দিনাজপুর নাট্য সমিতির পরিচালক মো. তরিকুল আলম। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, শিক্ষাবিদ পুলিন বিহারী চক্রবর্তী, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেন, দিনাজপুর জেলা ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাকীম আহমেদ, দিনাজপুর নবরূপীর সাধারণ সম্পাদক শাহজাহান শাহ, দিনাজপুর রিজ স্কুলের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আলতাফ হোসাইন, জাসদ (ইনু) জেলা সভাপতি লিয়াকত আলী, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি, দিনাজপুর উদীচীর সাধারণ সম্পাদক সত্য ঘোষ, মহিলা পরিষদের জেলা সভাপতি কানিজ রহমান, মির্জা আনোয়ারুল ইসলামের সহধর্মিণী মহিলা পরিষদের সাবেক সভানেত্রী আকতার কোহিনূর ইসলাম, একমাত্র মেয়ে ফারজানা আনোয়ার, ছেলে মির্জা আনাতুল ইসলাম।
ইকবালুর রহিম বলেন, জেলার মানুষের যেকোনো সংকটে, নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে মির্জা আনোয়ারুল ছিলেন অগ্রসৈনিক।
মির্জা আনোয়ারুল গত ২৫ জানুয়ারি ইন্তেকাল করেন।