দিনাজপুরে অগ্নিকাণ্ডে এক কিশোরীর মৃত্যু, আহত ৩০
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত শনিবার রাতে একটি পেট্রলের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক কিশোরীর মৃত্যু এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া ৩০টি দোকান ও ৫টি বাড়িঘর পুড়ে গেছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে নীলফামারীতে গতকাল রোববার ৩৩ পরিবারের ৬০টি ঘর ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৩টি দোকান পুড়ে ছাই হয়েছে।
ফুলবাড়ীতে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া কিশোরীর নাম মনিরা খাতুন (১৫)। সে উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট বাজারের পেট্রলের দোকানমালিক বাবলু মিঞার মেয়ে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: বাবলু শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে নিজের দোকানে পেট্রল বেচাকেনা করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ মোমবাতির আগুন পেট্রলের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই দোকানটি পুড়ে ভস্মীভূত হয়। কিছুক্ষণেরই মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকানসংলগ্ন বাবলুর বাড়িসহ ৫টি বাড়িঘর ও ৩০টি দোকানে। এ সময় বাবলুর স্ত্রী রুপিয়া বেগম ও তাঁদের দুই সন্তান আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রহমান সরকার বলেন, রুপিয়া বেগম, তাঁর মেয়ে মনিরা ও ছেলে রনিকে (১৭) উদ্ধার করে রাতেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে গতকাল সকাল আটটার দিকে মনিরার মৃত্যু হয়। এ ছাড়া ভয়ে ছোটাছুটি করতে গিয়ে আরও অন্তত ৩০ জন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে তিনটি গরুসহ কিছু গবাদিপশুর মৃত্যু হয়েছে।
বাজারের মুদি ব্যবসায়ী মো. রহিম উদ্দিন বলেন, ঘটনার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। দুই ঘণ্টা চেষ্টা করে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নীলফামারী: দুপুরে শহরের পুরোনো রেলস্টেশন এলাকায় সিকদারের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ১৫ পরিবারের ২০টি ঘর, ঘরে রক্ষিত মালামাল ও আসবাব পুড়ে ছাই হয়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া বেলা আড়াইটার দিকে সদরের কুন্দপুকুর ইউনিয়নের শখের বাজার গ্রামে অগ্নিকাণ্ডে ১৮ পরিবারের ৪০ ঘর পুড়ে ছাই হয়। গ্রামের হাবিবুর রহমানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাটগ্রাম (লালমনিরহাট): হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বুড়িমারী স্থলবন্দর এলাকার দুটি মুদি ও একটি দরজির দোকানে গতকাল ভোরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। তবে তার আগেই তিনটি দোকানের মালামাল পুড়ে ভস্মীভূত হয়। পুড়ে যাওয়া মালামালের মূল্য অন্তত ১০ লাখ টাকা বলে দাবি করেছেন দোকান তিনটির মালিকেরা।