দিনাজপুরে অগ্নিকাণ্ডে হোটেল শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের উপশহর এলাকায় গতকাল শনিবার ভোরে অগ্নিকাণ্ডে আইনুল হক (১৯) নামের এক হোটেলশ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় একটি হোটেলসহ ছয়টি দোকান পুড়ে গেছে। এতে দোকানমালিকদের আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে উপশহর এলাকার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়সংলগ্ন একটি হোটেলে আগুন লেগে যায়। খবর পেয়ে সকাল পৌনে ছয়টার দিকে দিনাজপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা পানিভর্তি তিনটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে আসেন। কিন্তু তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সুলতানের হোটেল, সফিকুল ও আপেলের চায়ের দোকান, মো. মন্টু মিয়ার ফলের দোকান, মো. সাজু এবং সাইফুল ইসলামের মুদিখানা ও কনফেকশনারি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে আইনুলের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি হাসপাতালের নৈশপ্রহরী আহসান হাবীব জানান, ভোর পাঁচটার পরে তাঁদের হাসপাতালের উত্তর দিকে রাস্তার পাশে কয়েকটি দোকানে আগুনের লেলিহান শিখা দেখেন। পরে তিনি ও হাসপাতালের অভ্যর্থনা বিভাগের এক কর্মী ঘটনাটি ফায়ার সার্ভিস স্টেশনকে জানান।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশনমাস্টার এ কে এম মোর্শেদ জানান, সকাল পৌনে ছয়টার দিকে খবর পেয়ে পানিভর্তি তিনটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, হোটেলের চুলার ওপরে শুকাতে দেওয়া জ্বালানির খড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. হিফজুর আলম মুন্সি জানান, সুলতানের হোটেলে কাজ করতেন আইনুল। রাতে কাজ শেষে তিনি হোটেলেই ঘুমিয়ে ছিলেন। তিনি শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। আইনুলের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তাঁকে চেনার কোনো উপায় ছিল না। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।