দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জের ধরে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এর আগে আজ বৃহস্পতিবার সংকট নিরসনে সব পক্ষকে নিয়ে মতবিনিময় সভা হয়। কোনো সমাধান না আসায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রশাসন এবং শ্রমিক ও বাস মালিকেরা। জেলা প্রশাসক মীর খায়রুল আলম এ সভায় সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পরিবহনশ্রমিকদের দুর্ব্যবহার এবং নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলার কারণে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস পোড়ানোর ঘটনায় জড়িত নন।
সভায় দিনাজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, গতকাল রাতে সামান্য ঘটনার জের ধরে শিক্ষার্থীরা তাণ্ডবলীলা চালায়। বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা, দুটি বাসসহ আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং নির্বিঘ্নে বাস চলাচলের নিশ্চয়তা দেওয়া না হলে কোনো গাড়ি চলতে দেওয়া হবে না।
এ সময় জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, তিন দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু এ ঘটনায় শিক্ষার্থীরা জড়িত উল্লেখ করে বাস মালিক ও শ্রমিক সংগঠন জানিয়ে দেয়, অভিযুক্ত ব্যক্তিদের বিচার এবং ক্ষতিপূরণ না পেলে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট চলবে। পরে কোনো ধরনের সমঝোতা ছাড়াই আজ বিকেলে মতবিনিময় সভাটি শেষ হয়।
দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম প্রথম আলোকে বলেন, শহরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা কঠোর হাতে দমন করা হবে।