দিনাজপুরে অনুষ্ঠিত হলো ফিজিকস অলিম্পিয়াড
দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে ‘ষষ্ঠ ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড ২০১৬’-এর রংপুর বিভাগীয় উৎসব গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। দিনাজপুর সায়েন্স একাডেমি উৎসবের আয়োজন করে।
ওই দিন সকাল ১০টায় দিনাজপুর স্কুল অব লিবারেটরসের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। জেলা প্রশাসক জাতীয় পতাকা, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক ফিজিকস অলিম্পিয়াড পতাকা ও দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকার সায়েন্স একাডেমির পতাকা উত্তোলন করেন। এতে দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আকতারা পারভীনসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনটি বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে স্কুল মিলনায়তনে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি মাল্টিমিডিয়া উপস্থাপন ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার, কম্পিউটার বিজ্ঞান অনুষদের শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান মো. শাহাদাৎ হোসেন সরকার, রংপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শফিকুর রহমান, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক আলমগীর মো. সাইফুল ইসলাম, দিনাজপুরের মো. একরামুল হক এবং বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির একাডেমিক টিমের সদস্য মুনতাসির হাসান।
উৎসবে তিনটি বিভাগে মোট ৬০ জন শিক্ষার্থীকে জাতীয় উৎসবের জন্য বিজয়ী ঘোষণা করা হয়।
দিনাজপুর সায়েন্স একাডেমির সহসভাপতি দিনাজপুর স্কুল অব লিবারেটরসের অধ্যক্ষ এ কে এম জিয়াউল হক বলেন, রংপুর বিভাগের আট জেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭২১ জন শিক্ষার্থী উৎসবে অংশ নেয়।