দিনাজপুরে অপহরণের পর ছয় বছরের শিশুকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের বালুবাড়ী মহারাজা স্কুল মোড় এলাকায় তাজমিলুর রাশেদীন নামের ছয় বছরের এক শিশুকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের ৭ নম্বর উপশহর এলাকায় বিএডিসি কার্যালয়ের সামনে রাস্তার পাশ থেকে পুলিশ ওই শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। নিহত শিশুর মা হাশমাতুন নাহার প্রথম আলোকে বলেন, তাঁদের তিন মেয়ে ও দুই শিশুপুত্র। স্বামী মেজবাহুর রাশেদীন (৪৬) কিছু করেন না। নিজে স্থানীয় একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত থেকে সামান্য আয় করেন। বড় মেয়ে একাদশ শ্রেণী, মেজ মেয়ে সপ্তম ও ছোট মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। সন্তানদের লেখাপড়ার খরচ চালান এক ফুপাতো ভাই। এ ছাড়া আত্মীয়স্বজনেরা সহযোগিতা করেন। মেজবাহুর রাশেদীন জানান, তাজমিলুর শহরের বালুবাড়ী এলাকায় সেভিন স্কুল অ্যান্ড কলেজের নার্সারি শ্রেণীতে পড়ত। প্রতিদিনের মতো গত মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাসায় আসে। বিকালে বাড়ির পাশে মহারাজা স্কুলের মাঠে সমবয়সী শিশুদের সঙ্গে ক্রিকেট খেলতে যায়। কিন্তু সন্ধ্যার আগে বাড়ি না ফেরায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার পর শহরে মাইকিং করা হয়েছে। কিন্তু তাজমিলুরকে না পাওয়ার বিষয়টি কোতোয়ালি থানার পুলিশকে অবহিত করা হয়। গতকাল সকাল আটটার দিকে ৭ নম্বর উপশহর এলাকায় তাজমিলুরের বস্তাবন্দী লাশ পাওয়া যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাদের জিলানী জানান, অপহরণের পর শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে মর্মে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে হত্যার কারণ ও কারা জড়িত, পুলিশ তা তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে গতকাল কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।