দিনাজপুরে অর্ধশত বাড়ি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার খবরে দলটির নেতা-কর্মীরা গত মঙ্গলবার রাতে দিনাজপুরে চিরিরবন্দর ও খানসামা উপজেলায় ব্যাপক তাণ্ডব চালান। তাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক ও হিন্দু সম্প্রদায়ের অর্ধশত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালান।
একই সঙ্গে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের দুই পাশে পাঁচ শতাধিক গাছ কেটে ফেলেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
রাতে খানসামার কাচিনিয়া বাজারে সারের ডিলার ভবানী শংকর আগরওয়ালার ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালান শিবিরের নেতা-কর্মীরা। ভবানী শংকর জানান, লুটপাটকারীরা ১৫ লাখ টাকার কীটনাশক নিয়ে যান। তাঁরা বাজারে আওয়ামী লীগ সমর্থকদের ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালান। প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিনাজপুর থেকে বিজিবি সদস্যরা গেলে রাত তিনটার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি দিনাজপুর শহরে চলে আসেন। একই রাতে রানীরবন্দরে উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হান্নান সাদেক ছোটনের বাড়ি ভেঙে পুড়িয়ে দেওয়া হয়।
উপজেলার নশরৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুলতান আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহীম, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন, সাংবাদিক ফজলুর রহমান, ইব্রাহীম সরকার, আব্দুর নূর, আবেদ আলীসহ ২০ জনের ঘরবাড়ি ভাঙচুর করেন।
খানসামার শিক্ষক মো. বাবুল হোসেন জানান, জামায়াত-শিবিরের কর্মীরা রাতে স্থানীয় টঙ্গুয়া বাজারে কমপক্ষে ১০টি দোকানে হামলা ও লুটপাট চালিয়েছেন।
পুলিশ সুপার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, সামাজিক অনাচার ও বর্তমান দুর্যোগ প্রতিরোধে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রভাবশালী সংগঠন ও ব্যক্তিদের একজোট হয়ে কাজ করতে হবে।