দিনাজপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে একদল মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবীর (৩৮) নিহত হয়েছেন। আজ শনিবার ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর বাজারে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। হুমায়ুন কবির বুলাকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরাতীপুর মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ ঘটনায় উত্তেজিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) মো. তবিবুর রহমান ও সহকারী পুলিশ সুপার (এএসপি, সার্কেল) সুশান্ত সরকার ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনার পরে ঘোড়াঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুলাকিপুর বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, হুমায়ুন কবির বেলা দুইটার দিকে রানীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে বলোগাড়ী হাটে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। তিনি প্রতিষ্ঠানে ঢোকামাত্র চারটি মোটরসাইকেলে করে আটজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁর ঘরের কাছে এসে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর দুর্বৃত্তরা হুমায়ুনকে টেনে ঘর থেকে বের করে বারান্দায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হুমায়ুনকে প্রথমে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল পাঁচটার টার দিকে চিকিত্সাধীন অবস্থায় হুমায়ুন মারা যান।
এদিকে ককটেলের আঘাতে আনিসার রহমান নামের এক ব্যক্তি আহত হন। তিনি ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।
ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক নূর নেওয়াজ প্রথম আলোকে জানান, হুমায়ুন কবিরের মাথার পেছনে, ডান হাত এবং দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এতে তাঁর মাথার পেছনে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। ডান হাতের কবজি থেকে মাংস আলাদা হয়ে হাড় বের হয়েছে এবং পায়ের পাতার ওপরের রগ কেটে ফেলা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অবস্থা আশঙ্কাজনক হলে হুমায়ুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হুমায়ুনের সঙ্গে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাফে খন্দকার শাহানশা মোবাইল ফোনে প্রথম আলোকে জানান, বিকেল পাঁচটার দিকে চিকিত্সকেরা হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।
এএসপি সুশান্ত সরকার প্রথম আলোকে জানান, হুমায়ুনের মৃত্যুর ঘটনায় দুর্বৃত্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।