দিনাজপুরে আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব শিক্ষার্থী বিনা খরচে লেখাপড়ার সুযোগ পাবে বলে ঘোষণা দিয়েছেন দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম। সেই সঙ্গে সব গরিব ও মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।
গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ব্যাপ্টিস্ট মিশন স্কুল মাঠে দিনাজপুর শহর আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।
সমাবেশে ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌরচন্দ্র শীলের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুল হক, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, শহর আওয়ামী লীগের জহির খান প্রমুখ বক্তব্য দেন।
ইকবালুর রহিম বলেন, বিগত পাঁচ বছরে দিনাজপুরে প্রায় এক হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। তিনি সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সবাইকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। পরে আসন্ন নির্বাচনে দলীয় প্রচারকাজ পরিচালনার জন্য একটি নির্বাচন কমিটি গঠন করা হয়।