দিনাজপুরে আইন লঙ্ঘন করে অ্যাসিডের যথেচ্ছ ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে অ্যাসিড নিয়ন্ত্রণ আইন মানা হচ্ছে না। এই আইন লঙ্ঘন করে অ্যাসিড পরিবহন, বিক্রয়, ব্যবহার ও মজুত করা হচ্ছে। অধিকাংশ ব্যবহারকারীর অনুমতিপত্র (লাইসেন্স) নেই।
গত বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এক মতবিনিময় সভার আলোচনায় এসব তথ্য তুলে ধরা হয়। অ্যাসিড বিক্রেতা ও ব্যবহারকারীদের সঙ্গে এ সভার আয়োজন করেছে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর জেলা কার্যালয়। সহযোগিতা করেছে দিনাজপুর জেলা প্রশাসন ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী সভায় সভাপতিত্ব করেন।
সভায় বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন বলেন, জেলায় মোট ৪৮০টি জুয়েলারি দোকান আছে। সবাই অ্যাসিড ব্যবহার করেন। কিন্তু লাইসেন্স আছে মাত্র ২৮০ জনের। কলেজ ও উচ্চবিদ্যালয়সহ জেলার ছয় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞানাগারে অ্যাসিড ব্যবহার করা হয়। এ ছাড়া বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়া কঠিন শিলাখনি, ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েক শ প্রতিষ্ঠানে অ্যাসিড ব্যবহার করা হলেও কারোরই অনুমতিপত্র নেই।
চিরিরবন্দর উপজেলার একটি জুয়েলারি দোকানের মালিক মাইজার রহমান বলেন, এই উপজেলায় ৬০ থেকে ৭০টি জুয়েলারির দোকান আছে। কিন্তু তাঁর জুয়েলারি ছাড়া আর কোনো জুয়েলারির অ্যাসিড ব্যবহারের অনুমতিপত্র নেই।
শহরের মুন্সিপাড়া এলাকার জনতা ব্যাটারি চার্জিং ওয়ার্কসের মালিক রশিদুর রহমান বলেন, জেলার ১৩ উপজেলা শহর ছাড়াও বিভিন্ন হাটবাজার ও গঞ্জে ব্যাটারি চার্জ করার অসংখ্য দোকান আছে। সবাই অ্যাসিড ব্যবহার করেন। কিন্তু কারও অনুমতিপত্র নেই।
আরিফ হোসেন নামের একজন অ্যাসিড বিক্রেতা বলেন, অ্যাসিড নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অ্যাসিড বিক্রয় ও মজুতের রেজিস্টার (লিখিত হিসাব) রাখা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে তা মানা হয় না। রেজিস্টারে ক্রেতাদের নাম-ঠিকানা উল্লেখ করতে চাইলে ওই বিক্রেতার কাছে ক্রেতারা যেতে চান না। ফলে বৈধ অনুমতিপত্র আছে এমন বিক্রেতার অ্যাসিড বিক্রি হয় না।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, অ্যাসিড পরিবহন, বিক্রয়, বিপণন ও ব্যবহারকারীদের তালিকা প্রস্তুত করা হবে। তাঁদের পর্যায়ক্রমে ডাকা হবে।
মতবিনিময় সভায় জেলা অ্যাসিড নিয়ন্ত্রণ কমিটির সদস্যসচিব সিনিয়র সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. মোসাদ্দেক হুসেন, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুর জেলা শাখার চেয়ারম্যান তারিকুন বেগম, আরডিআরএস দিনাজপুরের কর্মসূচি ব্যবস্থাপক টগর কুমার সাহা, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের ঊর্ধ্বতন সমন্বয়কারী সিদ্দিকী রুবেল প্রমুখ বক্তৃতা করেন।