দিনাজপুরে আঞ্চলিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন জেলার কর্মীদের অংশগ্রহণে দিনাজপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তন প্রাঙ্গণে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন।

বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীত এবং সাংগঠনিক পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সম্মেলনে স্বাগতিক দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মানবাধিকার কমিশনের জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির সদস্যরা অংশ নিয়েছেন বলে আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদার সম্মেলনে সমাজের নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে থেকে অহিংস মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, জাতিসংঘের মানবাধিকার সনদের প্রতি বাংলাদেশের যে অঙ্গীকার, বর্তমান সরকার তা সমুন্নত রাখতে কাজ করছে।

উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মানবাধিকার কমিশন দিনাজপুর জেলা কমিটির সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রাব্বী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানবাধিকার কমিশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি ছফর আলী, লুতফুল কবির বকুল, সাংগঠনিক সম্পাদক মো. খালেকুজ্জামান প্রমুখ।