দিনাজপুরে আনন্দ মিছিল, মিষ্টি খাওয়া নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে দিনাজপুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে জেলায় দেখা যায়নি আনন্দ মিছিল, মিষ্টি খাওয়ার উত্সব।রংপুরকে বিভাগ ঘোষণার পর গতকাল মঙ্গলবার প্রথম আলোর পক্ষ থেকে দিনাজপুরের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজনের সঙ্গে কথা হয়। পৌরসভার মেয়র সফিকুল হক বলেন, নতুন বিভাগের সুফল সাধারণ মানুষের কাছে তেমন পৌঁছায় না। তাই এ নিয়ে তাদের মধ্যে উচ্ছ্বাস কম। তিনি মনে করেন, নতুন বিভাগ সৃষ্টির মাধ্যমে দেশের পিছিয়ে পড়া মঙ্গাপীড়িত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের প্রকৃত উন্নয়ন করতে হবে। শিক্ষা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা হলে রংপুর বিভাগ করার সার্থকতা অর্জিত হবে।জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি নুরুল মঈনের মতে, শুধু বিভাগ ঘোষণা করলেই হবে না। সরকারকে এ অঞ্চলের উন্নয়নে সঠিক পরিকল্পনা ঘোষণার পর বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি নিয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে।কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, সাধারণ মানুষের সঙ্গে বিভাগের কোনো সম্পর্ক নেই। এতে কেউ খুশি হলে তা হবে রাজনৈতিক খুশি। কৃত্রিম আনন্দ। সিপিবি দিনাজপুর জেলা কমিটির সভাপতি মো. আলতাফ হোসাইন মনে করেন, প্রশাসনের ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা না হলে নতুন বিভাগ হয়ে কোনো লাভ নেই।সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম মনে করেন, বিভাগের ফলে মানুষের আবেগতাড়িত চাওয়া পূরণ হয়েছে। শিল্পপতি আবুল হোসেন পাটোয়ারী জানান, রংপুর বিভাগ হওয়ার ফলে ব্যাংক, বিমাসহ অর্থনৈতিক কার্যক্রম এগিয়ে নিতে আঞ্চলিক কার্যালয়গুলো রংপুরে হবে। এতে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে।দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলাম মনে করেন, রংপুরে অনেক কাছে। দিনাজপুর থেকে মাত্র সোয়া ঘণ্টায় বাসে বা ট্রেনে রংপুর যাওয়া-আসা করা যায়। রংপুর বিভাগ হওয়ায় দিনাজপুরের মানুষের সেই বিড়ম্বনা ঘুচবে।