দিনাজপুরে কামিয়াব কোচিং সেন্টারে শিশুহত্যা ঘটনার এজাহারভুক্ত অন্যতম আসামি নৈশপ্রহরী আফসার আলীকে (২৬) গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার ৭ নম্বর ইউনিয়নের গোয়ালহাট এলাকার একটি ইটভাটা থেকে আফসারকে গ্রেপ্তার করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশের সহকারী উপপরিদর্শক মকলেছুর রহমান জানান।গত ২২ আগস্ট রাতে কোচিং সেন্টারে কাশিপুর ভবাইনগর ডাঙ্গাপাড়া গ্রামের রিকশাচালক রশিদুল ইসলামের ছেলে নূর আলমকে (৬) হত্যা ও তার ভাই নয়নকে গুরুতর আহত করে শিক্ষক শাহীনুর ইসলাম, আশরাফুল আলম, নৈশপ্রহরী আফসার আলীসহ দুর্বৃত্তরা। এলাকাবাসী রাতেই কোচিং সেন্টারের শিক্ষক শাহীনুর ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ওই রাতেই কোচিং সেন্টারের ভবনমালিক আবুল কালাম আজাদকে জয়পুরহাটের বদলগাছি থেকে গ্রেপ্তার করে। এরপর গত বৃহস্পতিবার আফসার গ্রেপ্তার হলে মামলার চার আসামির মধ্যে তিনজন গ্রেপ্তার হলেন। এদিকে গতকাল শুক্রবার কোতোয়ালি থানায় আফসার আলী ওই হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে পুলিশ গ্রেপ্তার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এখনো ওই হত্যাকাণ্ডের কোনো কারণ খুঁজে পায়নি।