দিনাজপুরে আশ্রয়কেন্দ্রে তিন লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গত শুক্রবার টানা বর্ষণে জেলার নয়টি উপজেলা পুরোপুরি ও চারটি উপজেলা আংশিক প্লাবিত হয়েছে। ভেঙে গেছে শহর রক্ষা বাঁধসহ রাস্তাঘাট। জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে খানসামা উপজেলা। আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন বাঁধের ওপর প্রায় তিন লাখ লোক আশ্রয় নিয়েছে।

শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, মানুষের ঘরের ভেতরে পানি জমে আছে। মাহুতপাড়ার বাসিন্দা আপেল রহমান বলেন, ‘বাসায় যা ছিল, সবকিছু ভেসে গেছে। ১৯৯৮ সালের বন্যার সময়ও এত কষ্ট হয়নি। এবার পানি খুব উঁচুতে উঠেছে। বাড়িতে এক বুক পানি, জানি না রাতটা কোথায় কাটাব।’

টানা তিন দিনের বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার খানসামা উপজেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সজিবুর রহমান বলেন, উপজেলা থেকে বীরগঞ্জ ও চিরিরবন্দর যাওয়ার সড়ক বিচ্ছিন্ন হয়েছে। এতে এ উপজেলা দিনাজপুর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি। বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় দুদিন থেকে বিদ্যুৎহীন উপজেলাবাসী।

বিরামপুর-জোতজয়রামপুর বাঁধে ভাঙন দেখা দেওয়ায় হুমকিতে পড়েছে পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী চারটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় সাংসদ শিবলী সাদিক সরেজমিনে পানিবন্দী লোকজনের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ বিতরণ করেছেন।

চিরিরবন্দরের ইউএনও মো. গোলাম রব্বানী বলেন, চিরিরবন্দর-পার্বতীপুর সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেকশন কর্মকর্তা মো. সিদ্দিকুজ্জামান বলেন, ভারত থেকে দিনাজপুরে প্রবেশ করা চারটি নদ–নদীর মধ্যে পুনর্ভবা ও আত্রাইয়ের পানি বিপৎসীমার দশমিক ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের তুতবাগান এলাকায় শহর রক্ষা বাঁধ ভেঙে গেছে। দিনাজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান বলেন, ২০টি পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাঁচটি সেতু।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, জেলার বিভিন্ন এলাকার আশ্রয়কেন্দ্র ও বন্যানিয়ন্ত্রণ বাঁধে তিন লাখ লোক আশ্রয় নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর দুটি দল মোতায়েন করা হয়েছে।