দিনাজপুরে ইজিবাইক চালকদের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ দিনাজপুর শহরের মানুষ। তাদের অভিযোগ, চালকেরা অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
সম্প্রতি শহরের ব্যস্ততম বাহাদুর বাজার, স্টেশন রোড, মুন্সিপাড়া, নিমতলা, মালদপট্টি, গণেশতলা, কালিতলা, সুইহারী, বালুবাড়ী এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি রাস্তায় অসংখ্য ইজিবাইক। রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস বা ভারী যানবাহনকেও পাশে জায়গা দেওয়ার প্রয়োজনবোধ করছেন না ইজিবাইকের চালকেরা।
শহরের বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক আরিফুল ইসলামের অভিযোগ, ইজিবাইকচালকেরা ট্রাফিক আইনের তোয়াক্কা না করে রাস্তার ঠিক মাঝখান দিয়ে চলাচল করেন। অন্য যানবাহনকে পাশ কাটানোর সুযোগ দেন না। গৃহিণী আবিদা সুলতানা অভিযোগ করেন, ইজিবাইকে উঠলেই ২০ টাকা। ভাড়া নিয়ে চালকেরা প্রচণ্ড দুর্ব্যবহার করেন।
দিনাজপুর রেলস্টেশনে অবস্থানকারী আলী হোসেন, আজিমুদ্দিনসহ একাধিক রিকশাচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ১০ হাজার টাকা দামের রিকশা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের রাস্তায় চালাতে লাইসেন্স লাগে। কিন্তু ইজিবাইকের ক্ষেত্রে তা দরকার হয় না।
শহরের পুলহাট এলাকার ইজিবাইকচালক আনিসুর রহমান বলেন, ইজিবাইকচালকেরা লাইসেন্সের আওতায় আসতে চান। কিন্তু পৌরসভা, বিআরটিএ বা ইউনিয়ন পরিষদ কেউ লাইসেন্স দিচ্ছে না। দুর্ব্যবহারের বিষয়ে বলেন, সবাই এক রকম না।
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে দিনাজপুর শহরে কমপক্ষে ১০ হাজার ইজিবাইক চলাচল করছে। এগুলো বন্ধ করা যাবে না, তবে নিয়ন্ত্রণ করা দরকার। ব্যাটারিচালিত ইজিবাইকের নম্বর প্রদান ও নিয়ন্ত্রণ করতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার আলোচনা হয়েছে। সর্বশেষ ১৮ জানুয়ারি মেয়রকে আহ্বায়ক করে একটি কমিটি করে দেওয়া হয়েছে।
কমিটির সদস্যরা দিনাজপুর শহরে তিন হাজার ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়ার সুপারিশ করে গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন।
এ বিষয়ে সদ্যবিদায়ী জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, কমিটি পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে কিছু অসংগতি আছে। এ ধরনের সিদ্ধান্ত নিতে তাই আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।