দিনাজপুরে একুশের বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, কেবল বাংলাদেশে নয়, শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলন বিশ্বব্যাপী এক যুগান্তকারী ঘটনা। গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর একাডেমি স্কুল মাঠে সপ্তাহব্যাপী একুশে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ত্রাণমন্ত্র্রী বলেন, স্বাধীনতা-পরবর্তী দেশের মানুষ নিরঙ্কুশ ভোটে বিজয়ী করে বর্তমান সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সর্বস্তরের মানুষের দাবি ছিল, যুদ্ধাপরাধী রাজাকার, আলবদরদের বিচার ও ফাঁসি দিতে হবে। প্রজন্ম চত্বরে সারা দেশ থেকে যোগদানকারী যুবা, তরুণ, শিশু ও বৃদ্ধদের মুখে সেই দাবি ধ্বনিত হয়েছে। সরকারও নতুন প্রজন্মের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম বলেন, শাহবাগে প্রজন্ম চত্বরের লাখো তরুণ যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে, সারা দেশের মানুষ তাতে অকুণ্ঠ সাড়া দিয়েছে। দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শুরু হওয়া সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান প্রমুখ।