দিনাজপুরে এলজিইডির ৭৪ কর্মচারীর বেতন বকেয়া আট মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলজিইডির দিনাজপুর কার্যালয়ে মাস্টাররোলে কর্মরত ৭৪ জন কর্মচারী আট মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এলজিইডির রোলার চালক শামসুল হক বলেন, ২০০০ সাল থেকে এলজিইডি দিনাজপুরে ৭৪ জন কর্মচারী মাস্টাররোলে কাজ করছেন। কিন্তু বেতন-ভাতা বকেয়া থাকায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। এমএলএসএস হাসিনূর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তিনি রাতে রিকশা চালান। তাঁর মতো অনেক কর্মচারী এভাবে সংসার চালাচ্ছেন। আরেক রোলার চালক ইনছান আলী, হিসাব সহকারী মোশাররফ হোসেন, অফিস সহকারী মতিউর রহমানসহ কয়েকজন বলেন, বেতন না পাওয়ায় স্ত্রী-সন্তানদের খাবার জোটাতে কাজের সন্ধানে নেমে গেছেন প্রত্যেক কর্মচারী। এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মকলেসুর রহমান বলেন, বাজেটের অভাবে মাস্টাররোলে থাকা কর্মচারীদের বেতন ১১ মাস বকেয়া ছিল। তবে রমজান মাসে তাঁদের তিন মাসের বকেয়া বেতন দেওয়া হয়েছে।