দিনাজপুরে এসিড-সন্ত্রাসের দায়ে তিনজনের কারাদণ্ড
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বলিরামপুর গ্রামে শাশুড়ি ও পুত্রবধূর ওপর এসিড নিক্ষেপের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ নূর এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, আসামি কমল চন্দ্র সাহাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, কালিসাধু ও অতুল চন্দ্রকে সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া তিন আসামিকে বেকসুর খালাস দেন আদালত। মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০২ সালের ১৫ জানুয়ারি রাতে বলিরামপুর গ্রামের সিন্দুবালা (৫৫) ও তাঁর পুত্রবধূ মুক্তা রানীকে (৩২) এসিডে ঝলসে দেওয়া হয়। এ ঘটনার পরদিন সকালে ছয়জনকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করা হয়। এসিড-সন্ত্রাসের শিকার মুক্তা রানী প্রথম আলোকে বলেন, ‘অপরাধীদের সাজা হওয়ায় আমরা খুশি।’