দিনাজপুরে এসিড-সহিংসতা ৮৫টি সাজা পায়নি একজনও!
দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাকুনা গ্রামের ফেরদৌসী, বোচাগঞ্জ পৌর এলাকার রূপজান ও রাহেলা, চিরিরবন্দর উপজেলার জোতসাতনাল গ্রামের রশিদা, বিরামপুর উপজেলার কাটলা বাজারের রওশন আরা নিজেদের সমাজের বোঝা মনে করেন। কারণ, এসিড-সন্ত্রাসের শিকার হয়ে বিকৃত হয়ে গেছে তাঁদের চেহারা। অথচ যে নরপশুরা তাঁদের শরীরে এসিড মেরেছে, তারা বহাল তবিয়তে আছে।এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৮ সাল থেকে গত ১২ বছরে দিনাজপুরে ৮৫টি এসিড নিক্ষেপের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো আসামি সাজা পায়নি। পারিবারিক কলহ, জমি নিয়ে বিরোধ ও প্রেমে প্রত্যাখ্যান এসিড-সহিংসতার প্রধান কারণ।পরপর দুই বছর এসিড সহিংসতায় দিনাজপুরের শীর্ষ অবস্থান নিয়ে ২০০৩ সালে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হলে তত্কালীন জেলা প্রশাসক মো. মুসলেউদ্দিন ও পুলিশ সুপার এস এম কামাল হোসেন গঠন করেন ‘এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল দিনাজপুর জেলা কমিটি’। এসিড প্রতিরোধে জেলা ও পুলিশ প্রশাসন ছাড়াও প্রথম আলো এবং বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করে।জেলা প্রশাসক কার্যালয়ের এসিড অপরাধ মামলা মনিটরিং সেল সূত্রে জানা গেছে, গত ১২ বছরে জেলায় ৮৫টি এসিড-সন্ত্রাসের ঘটনা ঘটলেও বর্তমানে আদালতে পাঁচটি মামলা বিচারাধীন আছে। বাকি সব মামলা নিষ্পত্তি হয়ে গেছে। এসব মামলায় শেষ পর্যন্ত কোনো অভিযুক্ত ব্যক্তির সাজা হয়নি। হাকিমপুরের ফেরদৌসীর শরীরে এসিড নিক্ষেপকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত। কিন্তু পরবর্তী সময়ে উচ্চ আদালতে ওই দণ্ড বাতিল হয়ে যায়। দিনাজপুর জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন জানান, জেলায় মোট ৫৮০টি জুয়েলারি প্রতিষ্ঠানের সবগুলোতে কমবেশি এসিড ব্যবহূত হয়। এ ছাড়া সুগার মিল, ব্যাটারি ও মাইকের দোকান, চামড়াশিল্প, ফটো স্টুডিও, বাস ও ট্রাকসহ ব্যাটারিচালিত বিভিন্ন যানবাহন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানাগারসহ এসিড ব্যবহারকারীর সংখ্যার হিসাব নেই। কিন্তু জেলায় এসিড বিক্রির অনুমোদন আছে মাত্র তিনটি প্রতিষ্ঠানের। তিনটিই জেলা শহরের প্রতিষ্ঠান।তবে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সব উপজেলায় এসিড কিনতে পাওয়া যায়। এসিড বিক্রেতা ও ব্যবহারকারীর সংখ্যা প্রায় চার হাজার। আর এসিড নিয়ন্ত্রণ সেল সূত্রে জানা গেছে, এসিড ব্যবহারকারী হিসেবে ১০টি প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে। আরডিআরএস দিনাজপুরের কর্মসূচি ব্যবস্থাপক ও দিনাজপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা কানিজ রহমান বলেন, এসিডের সহজলভ্যতা দূর করতে সরকার, বিক্রেতা ও ব্যবহারকারীদের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হলেও তা মানা হচ্ছে না।জেলা প্রশাসক মো. আবদুল জলিল বলেন, এসিড বিক্রেতাদের জন্য লাইসেন্স বাধ্যতামূলক। কিন্তু আইন অনুযায়ী জুয়েলারি মালিকদের জন্য এসিড লাইসেন্স বাধ্যতামূলক নয়। গত দুই বছরে দিনাজপুরে মাত্র একটি করে এসিড-সন্ত্রাসের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। এসিড মামলায় অভিযুক্তদের সাজা না হওয়ার বিষয়ে তিনটি কারণের কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. শওকত আলী। প্রথমত, যারা এসিড-সন্ত্রাসের শিকার, তারা আর্থিকভাবে দুর্বল। মামলা পরিচালনা তো দূরের কথা, আদালতে হাজিরা দিতেও তাদের সমস্যা হয়। দ্বিতীয়ত, এসিড নিক্ষেপের বেশির ভাগ ঘটনা ঘটে রাতে। ফলে নিক্ষেপকারীকে চেনা যায় না। আসামির নাম বলতে না পারায় পুলিশ অভিযোগপত্র দিতে পারে না। আর তৃতীয় কারণটি হলো আসামিরা প্রভাবশালী হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে সাক্ষীরা আদালতে বৈরী হয়ে যান।এ বিষয়ে দিনাজপুর জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি হামিদুল ইসলাম বলেন, অনেক এসিড মামলা মিথ্যা। পুলিশ ও বাদী ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট করতে পারে না। তা ছাড়া অনেক ক্ষেত্রে দুর্বল অভিযোগপত্রের কারণে অপরাধীরা সাজা পায় না।