দিনাজপুরে ঐতিহাসিক তেভাগা দিবস পালিত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের চেন্টু বটতলায় গত সোমবার পালিত হয়েছে ঐতিহাসিক তেভাগা দিবস। তেভাগা চেতনা পরিষদ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। বেলা ১১টায় বের হয় তেভাগা দিবসের শোভাযাত্রা। এরপর বাজিতপুর-তালপুকুর চেন্টু বটতলায় শিবরাম মাঝি ও সমিরউদ্দিনের স্মৃতিতে নির্মিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। শহীদ মিনারে সংবর্ধনা জানানো হয় এলাকায় তেভাগা আন্দোলনের বেঁচে থাকা একমাত্র সৈনিক দীনবন্ধু রায়কে। তেভাগা চেতনা পরিষদের আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ভাষাসৈনিক রফিক চৌধুরী, কৃষকনেতা আবুল কালাম আজাদ, শাহজাহান শাহ, সাখাওয়াত হোসেন, মো. আলতাফ হোসনাইন, হবিবর রহমান, সারোয়ারুল হাসান প্রমুখ।যাঁদের রক্তে-ঘামে ফসল উত্পাদিত হয়, সেই কৃষক বর্গাচাষিরা দুই ভাগ আর জমির মালিকেরা পাবেন এক ভাগ। এই হলো তেভাগা আন্দোলনের মূল বিষয়। পঞ্চাশের দশকে এই আন্দোলন দানা বাঁধে দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহীসহ কৃষিপ্রধান উত্তরবঙ্গে। জোতদার আর জমিদারদের স্বার্থ রক্ষা করতে তত্কালীন ব্রিটিশ সরকারের খড়্গ নেমে এসেছিল তেভাগা আন্দোলনকারীদের ওপর।ইতিহাস সূত্রে জানা যায়, ১৯৪৬ সালের ৪ জানুয়ারি তালপুকুর-বাজিতপুর গ্রামে ব্রিটিশ পুলিশ ও জোতদারদের লাঠিয়ালদের সঙ্গে তেভাগার সৈনিকদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে নিহত হন তালপুকুর বাজিতপুর গ্রামের শিবরাম মাঝি ও সমিরউদ্দিন নামের দুই বর্গাচাষি। আহত হয় শতাধিক। তেভাগার একমাত্র জীবিত সৈনিক চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামের দীনবন্ধু রায় (৮৩) বলেন, ওই সময় খেত থেকে আমন কেটে প্রান্তিক কৃষকেরা নিজেদের উঠানে তোলেন। এতে খেপে যান স্থানীয় তালপুকুর গ্রামের জোতদার যোগেন্দ্র নাথ চৌধুরী, রাজেন্দ্র নাথ চৌধুরী ও দেবেন্দ্রনাথ চৌধুরী। তাঁরা মামলা করেন তালপুকুর দক্ষিণপাড়ার কংস, খগিন, চেলাসহ অনেককে। ১৯৪৬ সালের ৩ জানুয়ারি গভীর রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় লাঠি হাতে জড়ো হন শত শত চাষি। তালপুকুর স্কুলে পুলিশকে প্রতিরোধ করে তেভাগার সৈনিকেরা। একপর্যায়ে বেধে যায় সংঘর্ষ। পুলিশ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। মাটিতে লুটিয়ে পড়েন শিবরাম ও সমিরদ্দিন। পুলিশ জোতদারদের গরুগাড়িতে করে নিয়ে যায় শিবরাম ও সমিরউদ্দিনের লাশ। গ্রেপ্তার করা হয় তেভাগার সৈনিকদের।