দিনাজপুরে করোনা ও উপসর্গে মৃত্যু বাড়ছে
দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। চলতি মাসের শুরু থেকে ২৩ জুন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৫০ জনের। এর মধ্যে ২৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে বাকি ২৩ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুস এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলায় গত মে মাসে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৮। এর আগে এপ্রিলে আটজন ও মার্চে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পয৴ন্ত ২৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা শতকরা হিসাবে ৪৮ দশমিক ৭৮ শতাংশ। জেলায় এটিই সর্বোচ্চ শনাক্তের হার।
এখন পর্যন্ত জেলায় ৪৪ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ৩১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ২৫৪ জন। বর্তমানে জেলায় মোট রোগীর সংখ্যা ১ হাজার ২৩৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৯৮ জন। অবশিষ্টরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।
চলতি মাসের ২৩ দিনে ৪ হাজার ৪৮২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫১১ জন করোনা শনাক্ত হয়েছেন, যেখানে পুরো মে মাসে ২ হাজার ৮৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ছিল ৪১৩ জন। সিভিল সার্জন আবদুল কুদ্দুস বলেন, ‘সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নমুনা পরীক্ষাও বাড়ানো হয়েছে। বর্তমানে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে একটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। এর বাইরে কিছু নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। এদিকে এম আবদুর রহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে আরও একটি পিসিআর ল্যাব স্থাপনের প্রক্রিয়া চলছে।
এদিকে সংক্রমণ ঠেকাতে দিনাজপুর সদর উপজেলায় দ্বিতীয় দফার লকডাউন চলছে। এর আগে ১৫ জুন হতে ২১ জুন রাত পর্যন্ত এক সপ্তাহের লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল জেলা করোনা প্রতিরোধ কমিটি। সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দ্বিতীয় দফায় লকডাউনের সময়সীমা ২৮ জুন সোমবার রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রথম দিকে লকডাউন কর্মসূচির মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শহরে মানুষ ও যানবাহন চলাচল করতে দেখা গেলেও চার দিন ধরে জেলা করোনা প্রতিরোধ কমিটি ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নেওয়ায় শহরে মানুষ ও যান চলাচল কমেছে। সন্ধ্যার পরও কয়েকটি দলে বিভক্ত হয়ে পুলিশ সদস্যরা রাস্তার মোড়ে মোড়ে টহল অব্যাহত রেখেছেন।
জেলার করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, প্রথম দফা লকডাউন ঘোষণার আগের সপ্তাহে জেলায় ১ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩২০ জনের। শনাক্তের হার ৩১ দশমিক ৮৫ শতাংশ। লকডাউনের প্রথম সপ্তাহে ১ হাজার ৭৯৭ জনের নমুনা পরীক্ষায় ৭২৫ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ছিল ৪০ দশমিক ৩৪ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দুই দিনে ৫৩৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২৫১ জন, যা শতকরা হিসেবে ৪৭ শতাংশ।
জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুস বলেন, ‘সংক্রমণ ঠেকাতে লকডাউন কর্মসূচি চলমান। এতে জনসমাগম কমানো সম্ভব হয়েছে। জনসমাগম যত কমানো সম্ভব হবে, সংক্রমণ ঠেকানো ততটাই সহজ হবে। আশা রাখি, এই সপ্তাহের মধ্যে কিছুটা হলেও লকডাউনের সুফল পাওয়া যাবে।’