দিনাজপুরে কর্মসৃজন কর্মসূচির কাজ বন্ধ সাত দিন
প্রকল্পের উপযোগিতা ও উপকারভোগীর যথার্থতা সঠিকভাবে যাচাই না করে কাজ শুরু করায় দিনাজপুরের ১৩টি উপজেলার অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসক।উপজেলা প্রশাসন ও পিআইওর কার্যালয় সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের মতো এবারও খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জেলার অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ১৭ হাজার ৬৩৬ জন অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে ২৮০টি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পভুক্ত প্রত্যেক শ্রমিকের দৈনিক কাজের জন্য ১৭৫ টাকা পারিশ্রমিক হিসেবে মোট ১২ কোটি ৩৪ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।এ ছাড়া প্রকল্পের অধীন কালভার্ট, রিং-কালভার্ট ও পাইপ-কালভার্ট নির্মাণের জন্য এক কোটি ৩৭ লাখ ১৬ হাজার ৮৮৫ টাকা এবং প্রতিটি প্রকল্পে শ্রমিক সরদারের জন্য ২৫০ টাকা হারে পারিশ্রমিক হিসেবে আরও ১০ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের উপযোগিতা, উপকারভোগীর তালিকা যাচাই ও প্রকল্প বাস্তবায়নকাজ পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসককে প্রধান ও জেলা ত্রাণ কর্মকর্তাকে সদস্যসচিব করে ১০ সদস্যের পর্যবেক্ষণ (মনিটরিং) কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: জেলার চারজন অতিরিক্ত জেলা প্রশাসক ও চারজন ম্যাজিস্ট্রেট।জানা গেছে, জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে গত ১৫ নভেম্বর হাকিমপুর উপজেলায় প্রকল্প বাস্তবায়নের কাজ উদ্বোধন করেন। ২০ নভেম্বরের মধ্যে অন্যান্য উপজেলায়ও প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু প্রকল্পের উপযোগিতা ও উপকারভোগীর তালিকার যথার্থতা নিয়ে খানসামা, বোঁচাগঞ্জ ও নবাবগঞ্জসহ বিভিন্ন উপজেলায় প্রশ্ন ওঠে এবং প্রকল্পে নানা অসংগতি ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক প্রকল্পের কাজ বন্ধ রাখার জন্য ২২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) নির্দেশ দেন। ফলে এক সপ্তাহ ধরে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।পর্যবেক্ষণ কমিটির সদস্যসচিব ও জেলা ত্রাণ কর্মকর্তা আবদুল জলিল মোজাহিরী জানান, প্রকল্পের উপযোগিতা ও উপকারভোগীদের যথার্থতা যাচাইয়ের কাজ চলছে। পর্যবেক্ষণ কমিটির সুপারিশের ভিত্তিতে সেগুলো সংশোধন করে শিগগির প্রকল্পের বাকি কাজ শেষ করা হবে। এ জন্য প্রতিটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।