দিনাজপুরে কসমেটিক পদ্ধতিতে সফল ওপেন হার্ট সার্জারি
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে কসমেটিক পদ্ধতিতে শারমিন আক্তার নামের এক কিশোরীর সফল ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার হাসপাতালের চিকিৎসকেরা এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের চিফ কার্ডিওথোরাসিক সার্জন সারওয়ার কামাল বলেন, ৯ মার্চ শারমিনের হূৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। রোগীর সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত খবরটি প্রচার করা হয়নি। পরীক্ষা-নিরীক্ষার পর রোগীর সুস্থতা নিশ্চিত হলে গতকাল বিকেলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়।
শারমিনের মা সাদেকা খাতুন বলেন, সদর উপজেলার ফাসিলাডাঙ্গা শশরা হাজীপাড়া গ্রামে তাঁদের বাড়ি। স্বামী আমিনুল ইসলাম একজন প্রান্তিক চাষি। নিজেদের জমি বলতে কিছু নেই। একমাত্র মেয়ে শারমিন আক্তার। পাঁচ মাস ধরে সে হূদেরাগে ভুগছিল। আমিনুল অর্থাভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছিলেন না। প্রতিবেশীদের সহায়তায় ২৭ ফেব্রুয়ারি তাঁর মেয়েকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালের চিফ কনসালট্যান্ট হাসনাইন নান্না বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা নিশ্চিত হন শারমিনের হূৎপিণ্ডের মাঝে একটি ছিদ্র রয়েছে।
সারোয়ার কামাল বলেন, কসমেটিক পদ্ধতিতে ওপেন হার্ট সার্জারি করতে সরাসরি বুকের মাঝখানে না কেটে পাঁজরের বুকের নিচের অংশ কেটে হূৎপিণ্ডে জটিল অস্ত্রোপচার করা হয়। দিনাজপুরে এ ধরনের অস্ত্রোপচার এটাই প্রথম বলে তিনি জানান।