দিনাজপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুরে চলতি বছরের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।গতকাল বুধবার দুপুরে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম।সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহিন আকতার। অন্যান্যের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন, দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্টাচার্য, নূরজাহান কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ স ম আবদুল মুয়ীদ, সেন্ট ফিলিপস হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রাদার নির্মল গোমেজ ফ্রান্সিস, সারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম বক্তব্য দেন। ইকবালুর রহিম বলেন, কৃতী শিক্ষার্থীরা ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী বা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে। রাজনীতিবিদ হতে চায় না। মেধাবীরা রাজনীতিতে না এলে দেশ সমৃদ্ধ হতে পারে না। কারণ অশিক্ষিত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অসৎ ব্যক্তিকে দিয়ে কখনো সমাজের কল্যাণ হতে পারে না। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে তিনি মেধাবী কৃতী শিক্ষার্থীদের রাজনীতিতে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলাউদ্দিন মিয়া বলেন, পাসের হার, শতভাগ পাস করা স্কুলের সংখ্যা বৃদ্ধির ধারায় দিনাজপুর জেলায় শিক্ষার মান উন্নয়ন হয়েছে। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পুলিশ সুপার সারোয়ার মুর্শিদ শামীম শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।
দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহিন আকতার জানান, ইকবালুর রহিমের উদ্যোগে চতুর্থবারের মতো কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো।