দিনাজপুরে কৃষি বিভাগের ভবন ব্যবহার-অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার কৃষি বিভাগের ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসিক ভবন (বিএস ভবন) ও বীজাগারগুলো দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এসব ভবন ও সংলগ্ন জমি বেহাত হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তিন উপজেলার কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বিরামপুরে উপসহকারী কৃষি কর্মকর্তার তিনটি ভবন ও একটি বীজাগার, নবাবগঞ্জে কৃষি কর্মকর্তার পাঁচটি ভবন, দুটি বীজাগার, একটি উদ্ভিদ সংরক্ষণাগার রয়েছে। ঘোড়াঘাটে তিনটি উপসহকারী কৃষি কর্মকর্তার ভবন ও একটি বীজাগার রয়েছে। এর মধ্যে বিরামপুরের একটি ও ঘোড়াঘাট উপজেলার একটি উপসহকারী কৃষি কর্মকর্তার ভবন বর্তমানে ব্যবহার করা হচ্ছে। অন্যগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তার ভবনগুলোতে দুটি করে ইউনিট রয়েছে। প্রতিটিতে তিনটি কক্ষ ও একটি রান্নাঘর রয়েছে। বীজাগারগুলোতে তিনটি করে কক্ষ রয়েছে। প্রতিটি ভবনের নামে আরও ১১ থেকে ৬৬ শতক পর্যন্ত জমিও রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ সত্যব্রত সাহা প্রথম আলোকে জানান, ১৯৬০-৬১ সালে বীজাগার হিসেবে এসব ভবন নির্মিত হয়। ১৯৮০-৮১ সালের দিকে বেশির ভাগ ভবনকে ব্লক সুপারভাইজার এবং পরে উপসহকারী কৃষি কর্মকর্তাদের বসবাসের জন্য রূপান্তর করা হয়। পরবর্তী সময়ে এসব ভবন আর সংস্কার করা হয়নি।
তিন উপজেলার কৃষি কার্যালয়ে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ব্যবহারের অনুপযোগী হওয়ায় ১৯৮৬-৮৭ সালের পর থেকে ভবনগুলোতে কোনো কর্মকর্তা থাকেন না। বীজাগারগুলোও ব্যবহার করা হয় না।
সরেজমিনে তিন উপজেলার ভবনগুলো ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ভবনই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভেতরের দরজা-জানালা কে বা কারা খুলে নিয়ে গেছে। কয়েকটি ভবনে ঝুঁকি নিয়ে স্থানীয় ভূমিহীনেরা বসবাস করছেন। এসব ভবন ব্যবহার না করায় ভবনের সংলগ্ন খোলা জায়গা স্থানীয় ব্যক্তিরা ব্যবহার করেছেন। কেউ কেউ বর্তমান ভূমি জরিপে এসব জমি তাঁদের নামে অন্তর্ভুক্ত করেছেন বলে কৃষি কর্মকর্তারা অভিযোগ করেছেন।
নবাবগঞ্জ কৃষি কর্মকর্তা মো. আখেরুর রহমান জানান, প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কাছে কৃষিসেবা ও বিভিন্ন ফসলের উন্নত বীজ সময়মতো পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবনগুলো নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ব্যবহারের অনুপযোগী হওয়ায় এসব ভবন বেহাত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিরামপুর কৃষি কর্মকর্তা মো. শাহ আলম জানান, ভবনগুলো সংরক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রায় প্রতিবছর বরাদ্দের হিসাব চায়। হিসাব দেওয়া হলেও আজও এসব ভবন সংস্কার ও জমি রক্ষায় কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এগুলো সংরক্ষণের চেষ্টা চলছে।