দিনাজপুর পৌরসভার নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে ভোটারদের মধ্যে একধরনের শঙ্কা ছিল, আবার বিশ্বাসও ছিল। শেষ পর্যন্ত একজন কাউন্সিলর প্রার্থীকে আটকসহ দু-একটি অভিযোগ ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
তবে বেশির ভাগ কেন্দ্রেই ভোটারদের লাইন দেখা যায়নি। প্রায় প্রতিটি কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সমর্থকেরা ছিলেন নীরব।
গতকাল বুধবার দিনাজপুর পৌরসভার বিভিন্ন কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে। এখানকার মানুষ বলছেন, দিনাজপুরে নির্বাচন নিয়ে বড় ধরনের সংঘাত-সংঘর্ষের অতীত উদাহরণ কম। মানুষও তুলনামূলকভাবে সহনশীল।
সকালে দক্ষিণ বালুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের একটি ছোট লাইন। জানা গেল, এখানে একজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাড়ি থাকায় সকাল দিকেই ভোটারদের নিয়ে আসা হয়েছে।
আরও কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের উপস্থিতি বালুয়াডাঙ্গা কেন্দ্রের চেয়ে কম। কয়েকটি কেন্দ্রে একাধিকবার ঘুরেও ভোটারদের লম্বা লাইন দেখা যায়নি। পৌনে নয়টার দিকে ইকবাল হাইস্কুল কেন্দ্রের বাইরে কয়েক শ লোকের উপস্থিতি দেখা যায়। এঁদের বড় অংশই আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থক। প্রত্যেকের বুকে নৌকা মার্কার ব্যাজ লাগানো। তবে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপস্থিতি বোঝা যায়নি।
এরপর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়েও প্রায় একই দৃশ্য দেখা যায়। একাডেমি স্কুল কেন্দ্রেও ভোটারদের লাইন দেখা যায়নি। এই কেন্দ্রে আলী হোসেন নামে এক ভোটার সকাল সাড়ে নয়টার দিকে ভোট দিতে এসে দেখেন, তাঁর ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। বিষয়টি তিনি প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোনো ফল পাননি।
জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনিও বিষয়টি শুনেছেন। এখানে তাঁর করার কিছু নেই।
দুপুরে কালিতলার ক্রিসেন্ট কিন্ডারগার্টেন উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে গোয়েন্দা পুলিশের একটি গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ। তিনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। এ নিয়ে সেখানে কিছুটা উত্তেজনা দেখা দিলেও ভোট গ্রহণ হয়। বিএনপির মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
তবে দিনাজপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা বলেন, সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোনো বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি।