দিনাজপুরে কেব্ ল অপারেটরদের ধর্মঘট অব্যাহত
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়ের প্রতিবাদে দিনাজপুরের কেব্ল অপারেটরদের ধর্মঘট অব্যাহত রয়েছে৷ তাঁরা গত শনিবার রাত আটটা থেকে অনির্দিষ্টকালের জন্য টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন।
এর আগে শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দিনাজপুর জেলা শাখা ওই ধর্মঘটের ঘোষণা দিয়েছে।
কোয়াব দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবলা সুলতান বলেন, কেব্ল টেলিভিশন পরিচালনা আইন ২০০৬-এর ২১ ও ২৫ ধারায় জেলার দুটি কেব্ল অপারেটরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ আইনের আওতায় তাঁরা পড়েন না বলে তিনি আবার দাবি করেছেন। এ অবস্থায় আদালতের সিদ্ধান্ত প্রত্যাহার করে জরিমানার অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত কেব্ল অপারেটররা সম্প্রচার বন্ধ রাখবেন বলে তিনি জানান।
এ ব্যাপারে দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, চলতি মাসে জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় সদস্যদের মধ্য থেকে দিনাজপুরে কেব্ল নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে অশ্লীল ভিডিও, বিজ্ঞাপন ও ছবি প্রদর্শনের অভিযোগ করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া মেনে ভ্রাম্যমাণ আদালত কাজ করেছেন। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। হরতাল বা ধর্মঘট করার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।