দিনাজপুরে কেব্ল টিভির সম্প্রচার ২৪ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় দিনাজপুরের কেব্ল অপারেটররা গতকাল শনিবার রাত আটটা থেকে ২৪ ঘণ্টার জন্য সম্প্রচার বন্ধ করে দিয়েছেন৷ এর মধ্যে আদায় করা জরিমানার টাকা ফেরত দেওয়া না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে বলে হুমকি দিয়েছেন তাঁরা৷
গতকাল শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দিনাজপুর জেলা শাখা এ কথা জানায়৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোয়াব দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবলা সুলতান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দিনাজপুর থেকে কেব্ল লাইন সঞ্চালনকারী পিএমএম এবং দিনাজপুর ভিশন নামের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেন। তাদের বিরুদ্ধে কেব্ল টেলিভিশন পরিচালনা আইন, ২০০৬-এর ২১ ও ২৫ ধারায় অভিযোগ আনা হয়।
অথচ ২১ এবং ২৫ ধারার আওতায় দিনাজপুরের কেব্ল অপারেটররা পড়েন না। কারণ, সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ওই ধারা দুটি প্রযোজ্য। তা ছাড়া, অপারেটররা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো, বিদ্যুৎ, বৈদ্যুতিক খুঁটি, পৌরসভার ট্যাক্স, সরকারি ভ্যাট, আয়কর ইত্যাদি শুল্ক প্রদান করে আসছেন। এ অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের নামে দিনাজপুরের কেব্ল অপারেটরদের প্রতি অন্যায় করেছেন।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক দুটি কেব্ল নেটওয়ার্কের কাছ থেকে আদায় করা জরিমানা ফেরত না দিয়ে এবং ভবিষ্যতে কোনো ধরনের হয়রানি করা হবে না মর্মে প্রতিশ্রুতি না দিলে পরবর্তী সময়ে সারা দেশের কেব্ল নেটওয়ার্কের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে দেশব্যাপী সম্প্রচার কার্যক্রম বন্ধ করার আন্দোলন করা হবে৷