বাস ও ট্রাকমালিকেরা আম ও লিচু পরিবহন বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের বাজারে ক্রেতা নেই৷ আম ও লিচুর দামও কমে গেছে। বাগানমালিকেরা গাছ থেকে লিচু পাড়া কমিয়ে দিয়েছেন। তাই লিচু পেকে গাছ থেকে ঝরে পড়ছে।
শহরের কালীতলায় মৌসুমি ফলের পাইকারি বাজারের আড়তদার নারায়ণ চন্দ্র রায় বলেন, বর্তমানে বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচুর ভরা মৌসুম। কিন্তু পাঁচ দিন ধরে বাইরের জেলায় লিচু যাচ্ছে না। বাজারে লিচুর দাম অস্বাভাবিক কমে গেছে। তিনি জানান, পাঁচ দিন আগে বড় দানার ১০০টি বোম্বাই লিচু ৪০০ টাকায় বিক্রি হয়েছে৷ বর্তমানে ওই লিচু ২০০ টাকায় কেনার লোক নেই। এক হাজার ২০০ টাকা দামের ১০০ চায়না থ্রি লিচু ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে বলেও তিনি জানান।
কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কলেজশিক্ষক সেলিম রেজা বলেন, পাঁচ দিন ধরে লিচুর ক্রেতারা বাগানে আসছেন না। হাজার হাজার গাছে লিচু পেকে ঝরে পড়ে যাচ্ছে।
দিনাজপুরে নাবিল, হানিফ, শ্যামলী, কেয়া, বাবলুসহ বিভিন্ন পরিবহনের এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরমালিনযুক্ত ফল প্রবেশ রোধ করতে ঢাকার প্রবেশপথের আটটি স্থানে তল্লাশিচৌকি বসানোর পর ১২ জুন থেকে তাঁরা আম ও লিচু পরিবহন বন্ধ করে দিয়েছেন৷ তাঁরা জানান, তল্লাশিচৌকিতে গাড়ি থামিয়ে ফল পরীক্ষা করা হচ্ছে। একটি ঝুড়িতে ফরমালিনযুক্ত ফল পাওয়া গেলে ওই গাড়ির সব আম ও লিচু বাজেয়াপ্ত এবং ধ্বংস করা হচ্ছে। গত পাঁচ দিনে প্রচুর পরিমাণ লিচু ও আম ধ্বংস করা হয়েছে।
নাবিল পরিবহনের এজেন্ট মো. কবীর বলেন, প্রতিদিন দিনাজপুর থেকে দূরপাল্লার শতাধিক বাস বিভিন্ন জেলায় যায়। ব্যবসায়ী ছাড়াও অনেকে বিভিন্ন জেলায় স্বজনদের কাছে লিচু পাঠান। কিন্তু ঢাকায় প্রবেশের আগে তল্লাশিচৌকিতে ফল পরীক্ষা করে ফরমালিনের অস্তিত্ব পেলে সেগুলো ধ্বংস করা হচ্ছে৷ এতে পরিবহন মালিকদের অনেক টাকা গচ্চা দিতে হয়েছে। এ কারণে দিনাজপুর থেকে ঢাকাগামী ট্রাক ও বাসগুলোর ছাদে আম-লিচু পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দিনাজপুর সদর, কাহারোল, বিরল ও খানসামা উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ১০ জন আম, লিচু ব্যবসায়ী ও বাগানমালিকের সঙ্গে কথা হয়৷ তাঁরা দাবি করেন, কোনো বাগানমালিক আম বা লিচুতে ফরমালিন ব্যবহার করেন না। সরকারের উচিত দিনাজপুরের বাগান ও বাজারে ফরমালিন পরীক্ষার যন্ত্র বসানো। বাস ও ট্রাকে লিচু তোলার আগে প্রতিটি ঝুড়ি পরীক্ষা করা। তাহলে কোনো ব্যবসায়ী ফরমালিন ব্যবহার করতে সাহস পাবেন না।
বীরগঞ্জের সমাজসেবী আবদুল্লাহ আল কাফি বলেন, ঢাকার রাস্তায় তল্লাশিচৌিক বসানোয় ব্যবসায়ীরা আম-লিচু কিনতে ভয় পাচ্ছেন। ক্রেতা না থাকায় বা দাম কমে যাওয়ায় দিনাজপুরের বাগানমালিকেরা কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন।
বিরল উপজেলার মাধববাটি এলাকার বাগানমালিক মতিউর রহমান বলেন, দেশের ভোক্তারা যাতে মৌসুমি ফল খেতে পারেন, সে জন্য সরকারের উচিত বিকল্প বের করা৷ যাতে ব্যবসায়ীরা ফরমালিনমুক্ত ফল প্রেরণ ও বিক্রি করতে বাধ্য হন।
দিনাজপুর শহরের কসবা এলাকার আম ব্যবসায়ী জাহিদ হোসেন জানান, জেলার বাগানমালিকেরা আমে ফরমালিন ব্যবহার করেন না। কিন্তু ফরমালিন পরীক্ষা করতে গিয়ে ঝুড়িভরা ভালো আম ধ্বংস করার কারণে বাগান থেকে কেউ আম কিনছেন না৷ তিনি জানান, পাঁচ দিন আগের ৭০ টাকা কেজির গোপালভোগ, মিসরিভোগসহ বিভিন্ন জাতের আমের দাম অর্ধেক কমে গেছে।