দিনাজপুরে খোলা মাঠে পড়ে আছে তিন লাখ বস্তা সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) সারগুদামের বাইরে খোলা মাঠে পড়ে আছে প্রায় তিন লাখ বস্তা (২০ হাজার মেট্রিক টন) সার।রোববার দিনাজপুর শহরের পুলহাট নতুন বাজার এলাকায় গিয়ে দেখা গেছে, বিসিআইসির সার গুদাম ও গুদামের বাইরে মাঠে হাজার হাজার বস্তা ইউরিয়া স্তূপ করে রাখা হয়েছে। মাঠে সারের বস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ৩০টি খালি ট্রাক। অন্যদিকে বিএডিসির সারগুদাম এলাকারও একই চিত্র।বিসিআইসি দিনাজপুর বাফার গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপমহাব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘আমাদের কাছে কেবল ইউরিয়া মওজুদ আছে। গুদামের ধারণক্ষমতা ছয় হাজার মেট্রিক টন (এক লাখ ২০ হাজার বস্তা)। কিন্তু গুদামে ঠাসাঠাসি করে প্রায় ১২ হাজার মেট্রিক টন সার রাখা হয়েছে। এ ছাড়া গুদামের বাইরে খোলা মাঠে আরও ১২ হাজার মেট্রিক টন (দুই লাখ ৪০ হাজার বস্তা) সার রয়েছে।’বিসিআইসির উপমহাব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, গুদামে জায়গা না থাকায় এক মাস ধরে এই সার খোলা মাঠে রাখা আছে। তিন বছর ধরে বাজারে পর্যাপ্ত সার আছে। সারের সংকট হবে, এ ধরনের কোনো সংশয় এখন কৃষকের মনে নেই। তাই কৃষকেরা প্রয়োজন হলে সার কিনছেন। বিক্রি কম হওয়ার কারণে ডিলাররাও ধীরেসুস্থে সার তুলছেন।বিএডিসি দিনাজপুরের সার বিতরণ বিভাগের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে দেশে কৃষকদের মোট চাহিদার ২৫ শতাংশ টিএসপি, এমওপি, ডিএপিসহ সব নন ইউরিয়া সার বিএডিসির মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। এসব সার রাখার জন্য দিনাজপুর বিএডিসির দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার পাঁচটি গুদামের মোট ধারণক্ষমতা ছয় হাজার ৪০০ মেট্রিক টন। সেখানে সার মজুদ আছে ১৮ হাজার ৩৯৫ মেট্রিক টন। এর মধ্যে দিনাজপুরের পুলহাট গুদামের ধারণক্ষমতা এক হাজার ৮০০ মেট্রিক টন। এখানে সার আছে মোট পাঁচ হাজার ৪০০ মেট্রিক টন।ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম বলেন, চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকায় বাজারে সারের দাম কমে গেছে। লাভ তো দূরের কথা, ব্যাংকের সুদ থেকে বাঁচতে ডিলাররা সরকার-নির্ধারিত দামের চেয়ে কম দামে সার বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ইউরিয়ার সরকার-নির্ধারিত মূল্য এক হাজার টাকা। কিন্তু কাফকো এবং যমুনা সার কারখানা থেকে উৎপাদিত প্রতি বস্তা ইউরিয়া ডিলাররা বিক্রি করছেন ৯৭০ থেকে ৯৮০ টাকায়। আর চীন থেকে আমদানি করা ইউরিয়া বিক্রি হচ্ছে ৯৪০ থেকে ৯৫০ টাকায়। এ ছাড়া প্রতি বস্তা টিএসপি সারের সরকার-নির্ধারিত মূল্য এক হাজার ১০০ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ৯৫০ টাকা দরে। এক হাজার ৩৫০ টাকা নির্ধারিত মূল্যের ডিএপি এক হাজার ২৫০ টাকা এবং সরকার-নির্ধারিত ৭৫০ টাকা মূল্যের প্রতি বস্তা এমওপি সার বিক্রি হচ্ছে ৬৬৫ থেকে ৬৭০ টাকা দরে।সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কৃষক মো. আনোয়ার আলী রোববার বলেন, ‘সরকার যেভাবে সারের জোগান দিয়া যাচ্ছে, তাতে কৃষকেরা বেজায় খুশি। সারের মতোন খালি কারেন্ট আর ডিজেলের ব্যবস্থাটা যুদি করিলি হয়, তাইলে বোরোর আবাদ বাম্পার কেহোঁ ঠেকাবা পারিলে না হয়।’ একই ধরনের কথা বলেন কৃষক বাবুল আকতারসহ কয়েকজন।দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ারুল আলম বলেন, চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে চার হাজার হেক্টরে অতিরিক্ত বোরোর চাষ হচ্ছে। বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৭২ হাজার ৫০০ হেক্টর জমিতে। সেখানে চাষ হয়েছে এক লাখ ৭৭ হাজার হেক্টর জমিতে।