দিনাজপুরে গণিত ও পদার্থবিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জিলা স্কুলে গতকাল রোববার জেলার পঞ্চম গণিত ও তৃতীয় পদার্থবিজ্ঞান উৎসব হয়েছে। অন্য বছরের মতো এবারও দিনাজপুর সায়েন্স একাডেমি এই উৎসবের আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম। তিনি বলেন, ‘অঙ্ক ও বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয় নিয়ে এ রকম প্রতিযোগিতার আয়োজন বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের ভয় দূর করে এবং সাহায্য করে তাদের মেধা বিকাশে। বিশ্বায়নের এই যুগে পুরো পৃথিবী যেন একটি গ্রাম। জ্ঞান-বিজ্ঞানে যে জাতি যত সমৃদ্ধ, মেধা ও যোগ্যতার প্রতিযোগিতায় তারা তত শ্রেষ্ঠ।’ জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতেও উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষার্থীরা জানায়, এ ধরনের প্রতিযোগিতা তাদের মনে অঙ্ক ও বিজ্ঞানে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। খেলাধুলা বা সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও অঙ্ক এবং বিজ্ঞানের নানা বিষয়ে এই প্রতিযোগিতা তাদের জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করছে।উৎসবে জেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।সায়েন্স একাডেমির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয় সিন্ধু তালুকদার, জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহিন আকতার, স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. জিয়াউল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উৎসবে উপস্থিত ছিলেন।