দিনাজপুরে গণিত ও পদার্থবিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে সপ্তম গণিত ও চতুর্থ পদার্থবিজ্ঞান উৎসব গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সায়েন্স একাডেমির আয়োজনে সকাল সাড়ে নয়টায় জিলা স্কুল প্রাঙ্গণে শুরু হওয়া এ উৎসবে দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—চারটি বিভাগে জেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় এক হাজার শিক্ষার্থী। উৎসব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
জিলা স্কুল প্রাঙ্গণ গতকাল ছিল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পদচারণে মুখরিত। মাঠে বিশাল শামিয়ানা টানিয়ে এক দিকে মঞ্চ নির্মাণ করা হয়। ২০টি কক্ষে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা গণিত বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০ মিনিট বিরতির পর পরবর্তী এক ঘণ্টা হয় পদার্থবিজ্ঞানের লিখিত পরীক্ষা।
বেলা তিনটায় অনুষ্ঠানমঞ্চে দিনাজপুর উদীচীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এরপর প্রশ্নোত্তর পর্বে খুদে গণিত ও পদার্থবিদেরা উৎসবে আসা গণিত ও পদার্থবিজ্ঞানের শিক্ষকদের বিভিন্ন প্রশ্ন করে। তাদের প্রশ্নের উত্তর দেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলরাম রায়, দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকার ও সহসভাপতি পদার্থ ও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক জিয়াউল হক, গণিত শিক্ষক মো. একরামুল হক, সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান মো. শাহাদাৎ হোসেন, চিকিৎসক বি কে বোসসহ গণিত ও বিজ্ঞানের শিক্ষকেরা।
উৎসবে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম প্রধান অতিথি এবং জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহম্মদ হোসেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার বলরাম রায়, মাধ্যমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহীন আকতারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।
বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যা ছয়টায় উৎসব শেষ হয়।