দিনাজপুরে গাড়িসহ দুই ছিনতাইকারী আটক
আশুলিয়া থেকে ছিনতাই করে প্রাইভেট কারসহ পালিয়ে এসে দিনাজপুরে পুলিশের হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী সোহেল রানা ও সাইফুল ইসলাম।কোতোয়ালি থানার এসআই ইব্রাহিম পাটোয়ারী জানান, দুই ছিনতাইকারী বুধবার আশুলিয়া ইপিজেড থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে রংপুরের পলাশবাড়ী নিয়ে আসে। ওই দিন বিকেলে আশুলিয়ায় ফেরার পথে রাত আটটার দিকে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে কড্ডা এলাকায় চালক আবুল খায়েরকে শ্বাসরোধে অজ্ঞান করে। পরে তারা মৃত ভেবে আবুল খায়েরকে গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে দেয়। এরপর ছিনতাইকারীরা গাড়িটি নিয়ে দিনাজপুরে চলে আসে। দিনাজপুর সদরের চকরামপুরে পৌঁছালে গতকাল বৃহস্পতিবার ভোর চারটায় গ্যাস ফুরিয়ে গাড়ি বন্ধ হয়ে যায়। এ সময় সেখানে থাকা পুলিশের টহল দলের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে গাড়িটি ছিনতাই করে নিয়ে আসার কথা জানতে পারে।গাড়ির চালক আবুল খায়ের বলেন, ‘সোহেল ও সাইফুল আশুলিয়া ইপিজেড থেকে রংপুরের পলাশবাড়ী যাবেন বলে গাড়িটি ভাড়া করেন। বুধবার রাত আটটার দিকে যমুনা সেতুর কড্ডা এলাকায় পৌঁছে তাঁরা আমার গলায় চেইন পেঁচিয়ে কাবু করে রাস্তার পাশে খালে ফেলে দেন। অন্ধকারে চেইনটি আমার গলায় না লেগে থুতনির ওপর লাগে। এ জন্য বেঁচে গেছি। পরে গাড়ি পাওয়ার খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় আসি।’