দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ইয়াসমীন হত্যা ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। মানববন্ধনকালে ১৯৯৫ সালের ২৭ আগস্ট দিনাজপুরে গুলি চালিয়ে নিরীহ মানুষ হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়। মহিলা পরিষদ দিনাজপুর শাখা আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির শতাধিক নেতা-কর্মী অংশ নেন।এ ছাড়া ইয়াসমীনের মা শরীফা বেগম গতকাল শহরের রামনগর মহল্লার বাসায় মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করেন। প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২৪ আগস্ট পুলিশি হেফাজতে ইয়াসমীনকে ধর্ষণ ও হত্যা করা হয়। এর প্রতিবাদে ২৭ আগস্ট দিনাজপুরবাসী মিছিল বের করে। পুলিশ ওই মিছিলে গুলি চালিয়ে সাতজন নিরীহ মানুষকে হত্যা করে। আহত হয় অর্ধশতাধিক মানুষ।মহিলা পরিষদের গতকালের কর্মসূচি থেকে তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গুলির নির্দেশদাতা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিচারের দাবি জানানো হয়।দিবসটি উপলক্ষে জেলা চেঞ্জমেকার কমিটি দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের জেলা কমিটির প্রধান শাহ্জাহান শাহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ধনঞ্জয় কুমার দাস। বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, মানবাধিকারকর্মী সুরাইয়া আখতার প্রমুখ।এ ছাড়া বেসরকারি সংস্থা রংপুর দিনাজপুর রিলিফ সার্ভিস (আরডিআরএস) বাংলাদেশ ও মমতা পল্লী উন্নয়ন সংস্থা আলোচনা সভার আয়োজন করে।