দিনাজপুরে গুলি ছোড়ার ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গত শুক্রবার বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ চলার সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি ছোড়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ গতকাল শনিবার এ কথা জানান।জেলা প্রশাসক বলেন, বীরগঞ্জে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ বড় ধরনের কোনো ঘটনা ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশের বীরগঞ্জ সার্কেলের কর্মকর্তা অবরোধকারীদের বুঝিয়ে তা সমাধান করেছেন। গুলি ছোড়ার মতো কোনো ঘটনা ঘটেনি। ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সামসুল আলমের নেতৃত্বে এক সদস্যের কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে।শুক্রবার বিদ্যুতের দাবিতে বীরগঞ্জ উপজেলার কয়েক হাজার বাসিন্দা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে। এ সময় অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষে ১০ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী গতকাল প্রথম আলোকে বলেন, বিকেল চারটার দিকে বীরগঞ্জের ইউএনও এবং উপজেলা ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে জনতাকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি শটগানের গুলি ও তিনটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।শুক্রবার বিকেলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান প্রধান কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ার কথা স্বীকার করলেও গতকাল তিনি শটগান থেকে গুলি ছোড়ার কথা অস্বীকার করেন। তবে ইউএনও হাসান মারূফ গতকাল বলেন, ‘আমার সামনে পুলিশ কোনো গুলি ছোড়েনি। আমি পৌঁছানোর আগেই গুলি ছুড়েছে। আমার আদেশের তোয়াক্কা করেনি।’এদিকে দৈনিক ডেসটিনির বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমান গতকাল জানান, এক সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সামসুল আলম দুপুরে বীরগঞ্জে আসেন। তিনি অবরোধ চলার সময় ক্যামেরায় ধারণ করা ঘটনাস্থলের বিভিন্ন ছবি দেখেন।