দিনাজপুরে গ্রামবাসীর ওপর পুলিশের হামলা, আহত ৫০
দিনাজপুরে আসামি ধরার নাম করে গ্রামবাসীর ওপর পুলিশের হামলায় আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। গত মঙ্গলবার বিরল উপজেলার ২ নম্বর ফরাক্কাবাদ ইউনিয়নের দুবতৈড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে গত রোববার সুরেশ রায়ের বাড়িতে ডাকাতি হয়। গত সোমবার রাত একটার দিকে বিরল থানার পুলিশের একটি দল শাহজাহান আলী নামের এক মুদিদোকানদারের বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। শাহজাহানের পরিবার তাদের ডাকাত বলে সন্দেহ করে। একপর্যায়ে পুলিশ সুরেশ রায়ের বাড়ির ঠিকানা জানতে চায়। ঠিকানা বলে দিলে পুলিশ চলে যান। ইতিমধ্যে শাহজাহান আলী তাদের ডাকাত সন্দেহ করে প্রতিবেশীদের মুঠোফোনে ঘটনাটি জানান। এলাকাবাসী এসে পুলিশের ওই দলটির ওপর হামলা চালায়। ২ নম্বর ফরাক্কাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান জানান, ওই রাতেই তিনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর হাত থেকে তাদের উদ্ধার করেন। গুরুতর আহত উপপরিদর্শক হায়দার আলীকে দিনাজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার পুলিশ সুপার ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে দাঙ্গা পুলিশের একটি দল ওই গ্রামে হামলা চালায়। গ্রামবাসী জানায়, এতে কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশের বেধড়ক লাঠিপেটায় আহত দুবতৈড় গ্রামের মো. আবদুুল ওয়াহাব জানান, তিনি জমিতে সেচকাজে ব্যস্ত ছিলেন। এ সময় কমপক্ষে ৫০ জন দাঙ্গা পুলিশ দুটি গাড়িতে করে গ্রামে এসে পৌঁছায়। পুলিশ তাঁকে ডেকে নিয়ে সোমবার রাতে পুলিশের হামলার ঘটনায় জড়িতদের নাম জিজ্ঞেস করে। উত্তর দিতে না পারায় পুলিশ তাঁকে পিটিয়ে আহত করে। পুলিশের হামলায় আহত শেফালী বালা ও বাসন্তী বালা জানান, ‘মেয়ে পুলিশগুলান বাড়ির ভিতর ঢুকি বউ-বেটি সবাকে পাইকারি হারে লাঠি দিয়া মারিছে। কারো কুনো কাথা শুনে নাই।’এ ব্যাপারে যোগাযোগ করা হলে গতকাল বুধবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রামের কিছুসংখ্যক ব্যক্তি সোমবার রাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ কর্মকর্তা হায়দারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। ওই ঘটনায় জড়িতদের ধরতে মঙ্গলবার সকালে তিনি পুলিশসহ দুবতৈড় গ্রামে যান। আসামিদের ধরতে দাঙ্গা পুলিশ নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, হামলার আশঙ্কায় দাঙ্গা পুলিশ নিয়ে যাওয়া হয়েছিল। তিনি গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ অস্বীকার করেন।