দিনাজপুরে ঘুষ নেওয়ার সময় সাবরেজিস্ট্রারসহ চারজন গ্রেপ্তার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সাবরেজিস্ট্রার তাপস কুমার রায় ও তাঁর তিন সহযোগীকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে। জমি রেজিস্ট্রি করতে ১৪ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় র্যাব ও দুদকের সদস্যরা তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর কার্যালয়ের পরিচালক মেজর মো. সফিকুল ইসলাম জানান, বীরগঞ্জ পৌর এলাকার মোমিনুর রহমান একটি দলিল করতে গতকাল সাবরেজিস্ট্রি অফিসে আসেন। দলিল করতে সরকার-নির্ধারিত ফি ছয় হাজার টাকা। কিন্তু স্থানীয় দলিললেখক জাহাঙ্গীর আলম এবং সুকুমার রায়ের মাধ্যমে সাবরেজিস্ট্রার তাপস কুমার মোমিনুর রহমানের কাছে নির্ধারিত ফির বাইরে আরও ১৪ হাজার টাকা দাবি করেন। গোপন সংবাদের ভিত্তিতে দুদক ও রংপুরে কর্মরত র্যাব-৫-এর সদস্যরা গতকাল দুপুরে বীরগঞ্জের সাবরেজিস্ট্রি অফিসের বাইরে সাদা পোশাকে অবস্থান নেন। বেলা তিনটায় দলিল (নম্বর ৩৯১৪) সম্পাদিত হয়। দলিল করার পর দুই দলিললেখক এবং অফিসের পিয়ন ফয়জার রহমান মোমিনুরকে নিয়ে সাবরেজিস্ট্রারের খাসকামরায় ঢোকেন। চুক্তি অনুযায়ী মোমিনুরের কাছ থেকে ১৪ হাজার টাকা নেন সাবরেজিস্ট্রার তাপস কুমার। এ সময় র্যাব ও দুদকের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাবরেজিস্ট্রার তাপসকে তাঁর তিন সহযোগীসহ আটক করেন।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় বলেন, এ ব্যাপারে দুদকের দিনাজপুরের সহকারী পরিচালক আবদুল মাজেদ মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের থানাহাজতে রাখা হয়েছে। সাবরেজিস্ট্রার তাপস কুমার ও তাঁর তিন সহযোগী ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন এবং এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।