দিনাজপুরে চাঁদাবাজি ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে বাজার বন্ধ
দিনাজপুরের বাহাদুর বাজার এনএ মার্কেটের পাইকারি এবং খুচরা বিক্রেতেরা চাঁদাবাজি ও ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার বেলা দুইটা থেকে ধর্মঘট শুরু করেছেন। তাঁদের এ ধর্মঘট আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত চলবে। ব্যবসায়ীরা গতকাল বিকেলে মাইকিং করে তাঁদের এ ঘোষণার কথা জানান।শহরের কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় বাহাদুর বাজারে এসে সব দোকান বন্ধ পেয়ে হতবাক হয়ে যান। শত অনুরোধেও কোনো বিক্রেতা মালামাল বিক্রি তো দূরের কথা, দোকান খুলতেও রাজি হননি।বাহাদুর বাজার এনএ মার্কেট আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, বাজারসংলগ্ন গোলকুঠি এলাকার একদল মাস্তান মাঝেমধ্যে বাজারের আড়ত এবং খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা নেয়। সম্প্রতি ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করায় যুবকেরা শহরের রামনগর, পাটুয়াপাড়া, মিশন রোডসহ অন্যান্য এলাকার ব্যবসায়ীদের এনএ মার্কেট ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করায় গতকাল দুপুর ১২টার দিকে লাঠি, ছুরি, হকিস্টিক হাতে গোলকুঠি এলাকার গুড্ডু, মানিক, মাসুদ ও রাজুসহ একদল যুবক বাজারে এসে আড়তদারের ছেলে সাদ্দাম এবং সবজি বিক্রেতা স্বপনকে মারধর করে।পরে এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা তাত্ক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সব দোকান ও আড়ত বন্ধ ঘোষণা করেন। এ ছাড়া ওই যুবকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল বলেন, উপপরিদর্শক (এসআই) এনামুলকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। এসআই এনামুল হক ব্যবসায়ী এবং যুবকদের উভয় পক্ষকে দায়ী করে বলেন, হঠাত্ করে বাজার বন্ধ করায় হাজার হাজার মানুষ এবং সবজি উত্পাদনকারী কৃষকেরা চরম বিপাকে পড়েছেন। এলাকার সাংসদ, পৌর কাউন্সিলর, গণমান্য ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গে (গতকাল রাতে) আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা করছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।