দিনাজপুরে চার দিনে ৩৭ বাল্যবিবাহ
দিনাজপুরে ১২ থেকে ১৫ মে—এই চার দিনে ৩৭টি বাল্যবিবাহ হয়েছে। শুধু চিরিরবন্দর উপজেলায় গত শুক্রবার এক দিনেই বাল্যবিবাহ হয়েছে ৯টি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই তিন দিনে দিনাজপুর সদরে চারটি, বিরলে দুটি, চিরিরবন্দরে নয়টি, বোঁচাগঞ্জে দুটি, পার্বতীপুর চারটি, বীরগঞ্জে তিনটি, খানসামায় দুটি, ফুলবাড়ীতে দুটি, নবাবগঞ্জে চারটি, হাকিমপুরে একটি, কাহারোলে দুটি, ঘোড়াঘাটে একটি ও বিরামপুরে একটি বাল্যবিবাহ হয়েছে।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী উপজেলায় এক দিনে নয়টি বাল্যবিবাহের কথা স্বীকার করে বলেন, তিনি ব্যক্তিগতভাবে খবর পেয়ে দুটি বিয়ে বন্ধ করেছেন। কিন্তু ভ্রাম্যমাণ আদালত বন্ধের খবর পেয়ে বাল্যবিবাহের আয়োজনকারীরা দ্রুতই এসব সম্পন্ন করেছেন। প্রচলিত আইনে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা সময়সাপেক্ষ বিষয়। তাই একসঙ্গে এতগুলো বাল্যবিবাহ বন্ধ করা দুঃসাধ্য।
জানতে চাইলে গত সোমবার দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, জেলার প্রতিটি উপজেলার ইউএনও এবং সহকারী কমিশনারগণ (ভূমি) এসব সমস্যা তুলে ধরেছেন। ১১ মে হাইকোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করেন। হাইকোর্টের আদেশের পরের দিন থেকে মন্ত্রণালয়ের লিখিত নির্দেশের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ করেন। তবে হাইকোর্টর এই আদেশ চেম্বার জজ আদালত স্থগিত ঘোষণা করলে ১৫ মে মন্ত্রণালয়ের চিঠি পেয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আবার শুরু করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালত চালু রাখার দাবিতে গত মঙ্গলবার দিনাজপুরের চিরিরবন্দরে শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে।
তবে নবাবগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত ছাড়াও প্রচালিত আইনে প্রতিটি বাল্যবিবাহ বন্ধ করা প্রশাসনের পক্ষে সম্ভব।